রাজধানীর দয়াগঞ্জ মোড়ে যাত্রীবাহী বাসে ওঠার সময় এক যাত্রীর মুঠোফোন ছিনিয়ে পালানোর চেষ্টা করছিলেন এক ছিনতাইকারী। বিষয়টি চোখে পড়তেই তাঁকে ধাওয়া করেন পুলিশের এক সার্জেন্ট। একপর্যায়ে তিনি ছিনতাইকারীকে ধরতে সক্ষম হন। এরপর তাঁর কাছ থেকে মুঠোফোনটি উদ্ধার করে যাত্রীকে ফিরিয়ে দেওয়া হয়।
আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাটি ঘটে। পুলিশের এই সার্জেন্টের নাম মো. আল–মামুন। তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক-ওয়ারী বিভাগে কর্মরত। ছিনতাইকারীর নাম কালাম (৪২)।
ডিএমপির উপকমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান জানান, প্রতিদিনের মতো আজ সকালে ওয়ারী ট্রাফিক জোনের দয়াগঞ্জ মোড়ে ট্রাফিকের দায়িত্ব পালন করছিলেন সার্জেন্ট মো. আল মামুন। সকাল সাড়ে ১০টার দিকে মালঞ্চ পরিবহনের একটি যাত্রীবাহী বাস দয়াগঞ্জ থেকে রাজধানী মার্কেটের দিকে যাচ্ছিল। ওই বাসে ওঠার সময় যাত্রী খন্দকার আশরাফুলের প্যান্টের পকেট থেকে মুঠোফোন ছিনিয়ে নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে এক ছিনতাইকারী। ঘটনাটি দায়িত্বরত সার্জেন্ট মো. আল মামুনের দৃষ্টিগোচর হয়। তখন তিনি ধাওয়া করে ছিনতাইকারীকে আটক করেন।
পরে বিষয়টি গেন্ডারিয়া থানাকে জানালে সেই থানার টহল দল দ্রুত ঘটনাস্থলে আসে। এরপর কালামের কাছ থেকে উদ্ধার করা মুঠোফোনটি মালিকের কাছে হস্তান্তর করা হয়। ছিনতাইকারী কালামের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।