নির্বাচনী আচরণবিধি ভেঙে ফুটপাত দখল করে তৈরি করা হয়েছে নির্বাচনী ক্যাম্প। সেখানে বাঁশের প্রতিবন্ধকতা পেরিয়ে চলাচল করতে হচ্ছে পথচারীদের। গতকাল রাজধানীর ধোলাইখালের হৃষিকেশ দাস রোড এলাকায়
নির্বাচনী আচরণবিধি ভেঙে ফুটপাত দখল করে তৈরি করা হয়েছে নির্বাচনী ক্যাম্প। সেখানে বাঁশের প্রতিবন্ধকতা পেরিয়ে চলাচল করতে হচ্ছে পথচারীদের। গতকাল রাজধানীর ধোলাইখালের হৃষিকেশ দাস রোড এলাকায়

ঢাকা-৬ আসনে দেয়ালে পোস্টার, রঙিন ব্যানার , ফুটপাতে ক্যাম্প

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে নৌকার প্রার্থীর পক্ষে ভোটের প্রচার।

দেয়ালে পোস্টার লাগানো, রঙিন ব্যানার করা, ফুটপাত-সড়কের জায়গায় নির্বাচনী কার্যালয় (ক্যাম্প) ও আলোকসজ্জা—সবই দেখা যাবে ঢাকা-৬ সংসদীয় আসনে। এসব কর্মকাণ্ড নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। এ আসনে নৌকার প্রার্থীর পক্ষে একটি ওয়ার্ডেই পাঁচটি নির্বাচনী ক্যাম্প করা হয়েছে। এর চারটিই আবার ফুটপাত-সড়কের জায়গায়। যদিও আচরণবিধি অনুযায়ী, একটির বেশি ক্যাম্প কোনো ওয়ার্ডে থাকার কথা নয়।

এ আসনের বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টির (জাপা) কাজী ফিরোজ রশীদ। তিনি এবার প্রার্থী হননি। আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতা করতে গিয়ে আসনটি ছাড়তে হয়েছে জাপাকে। আওয়ামী লীগ এখানে নৌকা প্রতীক দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১১টি ওয়ার্ড নিয়ে এ আসন গঠিত। ওয়ার্ডগুলো হলো ৩৪, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫ ও ৪৬। ভোটারসংখ্যা তিন লাখের কাছাকাছি।

গতকাল রোববার দুপুর থেকে বিকেল পর্যন্ত পুরান ঢাকার এ আসনের ৫টি ওয়ার্ডের (৩৮, ৪১, ৪৪, ৪৫ ও ৪৬) বিভিন্ন এলাকা মোটরসাইকেলে করে ঘুরে দেখেছেন প্রথম আলোর একজন প্রতিবেদক ও একজন আলোকচিত্রী।

সরেজমিনে দেখা যায়, ৪৬ নম্বর ওয়ার্ডেই রয়েছে পাঁচটি নির্বাচনী ক্যাম্প। এর মধ্যে পুরান ঢাকার গেন্ডারিয়ার কেশব ব্যানার্জী (কেবি) রোড, আলমগঞ্জ রোড ও সতীশ সরকার রোডে একটি করে মোট তিনটি এবং হরিচরণ রায় রোডে দুটি নির্বাচনী ক্যাম্প তৈরি করা হয়েছে। এর মধ্যে কেবি রোডের ক্যাম্পটি ছাড়া অন্য চারটিই করা হয়েছে ফুটপাতে, নাহয় রাস্তার জায়গা দখল করে। সতীশ সরকার রোডের নির্বাচনী ক্যাম্পে আলোকসজ্জারও ব্যবস্থা রাখা হয়েছে। এসব ক্যাম্পের কারণে মানুষের চলাচলে সমস্যা হচ্ছে।

জাতীয় সংসদ নির্বাচন আচরণবিধিমালা অনুযায়ী, সিটি করপোরেশন এলাকায় কোনো ওয়ার্ডে একজন প্রার্থী কোনোভাবেই একটির বেশি নির্বাচনী ক্যাম্প করতে পারেন না। একইভাবে নির্বাচনী প্রচারে আলোকসজ্জা করার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা রয়েছে।

৪৬ নম্বর ওয়ার্ডে যে পাঁচটি নির্বাচনী ক্যাম্প রয়েছে, তার তিনটিই নির্ধারিত আকারের চেয়ে বড়। আচরণবিধি অনুযায়ী, ৪০০ বর্গফুটের বেশি কোনো নির্বাচনী ক্যাম্প করা যায় না। কিন্তু পাঁচটি ক্যাম্পের মধ্যে তিনটির আকার ৫৫০ বর্গফুটের মতো।

আচরণবিধি ভঙ্গের বিষয়ে ঢাকা-৬ সংসদীয় আসনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ সাঈদ খোকন গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘যদি এমন হয়ে থাকে, আমি ঠিক করে নেব।’

বিধি ভেঙে দেয়ালে পোস্টার

জাতীয় সংসদ নির্বাচন আচরণবিধিমালা অনুযায়ী, সিটি করপোরেশন এলাকায় ভবন, দেয়াল, গাছ, বেড়া, বিদ্যুৎ ও টেলিফোনের খুঁটি বা অন্য কোনো দণ্ডায়মান বস্তুতে পোস্টার লাগানো নিষেধ। সরকারি স্থাপনাতেও পোস্টার লাগানো যায় না। তবে ঢাকা-৬ সংসদীয় আসনের বিভিন্ন এলাকায় নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে দেয়ালে পোস্টার লাগাতে দেখা গেছে।

গতকাল সরেজমিনে দেখা যায়, গেন্ডারিয়া থানা কার্যালয়ের দেয়ালে, সতীশ সরকার রোড, ঢালকা নগর লেন ও ডিস্টিলারি রোডের বিভিন্ন স্থাপনার দেয়ালে নৌকার প্রার্থীর পক্ষে ভোট চেয়ে পোস্টার লাগানো হয়েছে। এসব পোস্টারে রাজীব হোসেন নামের এক ব্যক্তির ছবিও রয়েছে। পোস্টারে রাজীব নিজেকে ৪৬ নম্বর ওয়ার্ড যুবলীগের (প্রস্তাবিত) যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে উল্লেখ করেছেন।

আচরণবিধি অনুযায়ী, কেবল প্রার্থীর ও প্রতীকের ছবি পোস্টারে থাকার কথা। রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী হলে পোস্টারে দলীয় প্রধানের ছবি দেওয়া যায়। তবে ঢাকা-৬ আসনে নৌকার প্রার্থীর পক্ষে ভোট চেয়ে করা পোস্টার-ব্যানারে স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের ছবি রয়েছে।

এ ছাড়া আচরণবিধিতে রঙিন ব্যানার না টাঙানোর নির্দেশনা থাকলেও এ আসনের ওয়ারী এলাকায় নৌকার প্রার্থী সাঈদ খোকনের পক্ষে ভোট চেয়ে রঙিন ব্যানার ঝুলিয়ে রাখতে দেখা গেছে।

এ আসনে সাঈদ খোকনসহ মোট সাতজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যরা হলেন তৃণমূল বিএনপির কাজী সিরাজুল ইসলাম (সোনালী আঁশ), জেপির প্রার্থী সৈয়দ নাজমুল হুদা (বাইসাইকেল), ইসলামী ঐক্য জোটের মো. রবিউল আলম মজুমদার (মিনার), এনপিপির আবু হামিদুর রেজা খান ভাসানী (আম), মুক্তি জোটের মো. আকতার হোসেন (ছড়ি) ও গণফ্রন্টের মো. আমিনুল ইসলাম সরকার (মাছ)।

নৌকা ছাড়া অন্য ছয় প্রার্থীর প্রচার তেমন নেই। তাঁদের পোস্টার-ব্যানারও খুবই কম।
নির্বাচনী আচরণবিধি ভঙ্গের বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, তা জানতে ঢাকা-৬ সংসদীয় আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ বদর-উদ-দোজা ভূঁইয়ার সঙ্গে কথা বলেছে প্রথম আলো।

মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, ঢাকা মহানগরের সব প্রার্থীর প্রতিনিধিদের রোববার (গতকাল) দুপুরে ডেকেছিলেন রিটার্নিং কর্মকর্তা। ফুটপাত ও সড়কের জায়গায় তৈরি করা নির্বাচনী ক্যাম্পগুলো সরিয়ে ফেলতে ওই বৈঠকে নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে আচরণবিধি মেনে প্রচার চালাতেও নির্দেশনা দেওয়া হয়েছে।