
আদালতের নির্দেশনা অনুসারে ঢাকায় বায়ুদূষণ রোধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানতে চেয়েছেন হাইকোর্ট। পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৫ ফেব্রুয়ারি এ বিষয়ে জানাতে বলা হয়েছে। এক আবেদনের শুনানিতে আজ মঙ্গলবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মৌখিকভাবে এ তথ্য জানাতে বলেছেন।
‘ঢাকায় নিশ্বাস নিলেও বিপদ’ শিরোনামে ২৯ জানুয়ারি প্রথম আলোতে একটি প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদনটি যুক্ত করে গতকাল সোমবার পরিবেশবাদী ও মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে হাইকোর্টে আবেদন করা হয়।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। পরিবেশ অধিদপ্তরের পক্ষে আইনজীবী আমাতুল করীম, দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষে আইনজীবী মোহাম্মদ সাঈদ আহমেদ ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আবদুল্লাহ আল মাহমুদ শুনানিতে ছিলেন।
পরে আইনজীবী মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, কয়েক দিন ধরে রিপোর্ট হচ্ছে যে, বিশ্বের সর্বোচ্চ দূষণের তালিকায় ঢাকা। বায়ুদূষণ রোধে আদালতের ৯ দফা নির্দেশনা সত্ত্বেও ব্যবস্থা না নেওয়ায় আবেদনটি করা হয়। শুনানি নিয়ে বায়ুদূষণ নিয়ন্ত্রণে আদালত আদেশ বাস্তবায়নে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা আগামী রোববার (৫ ফেব্রুয়ারি) জানাতে বলেছেন আদালত। এ বিষয়ে রাষ্ট্রপক্ষ, পরিবেশ অধিদপ্তর ও সিটি করপোরেশনসহ সংশ্লিষ্টদের জানাতে বলা হয়েছে।
এইচআরপিবি আবেদনে বায়ুদূষণ রোধে ২০২০ সালের ১৩ জানুয়ারি হাইকোর্টের দেওয়া নির্দেশনা বাস্তবায়নে ২৪ ঘণ্টার মধ্যে কার্যকর পদক্ষেপ নিতে নির্দেশনা চাওয়া হয়। এইচআরপিবির করা এক রিটের ধারাবাহিকতায় ২০২০ সালের ১৩ জানুয়ারি হাইকোর্ট বায়ুদূষণ রোধে ৯ দফা নির্দেশনা দিয়েছিলেন।
ওই ৯ দফার মধ্যে ঢাকা শহরে মাটি/বালু/বর্জ্য পরিবহন করা ট্রাক ও অন্যান্য গাড়িতে মালামাল ঢেকে রাখা; নির্মাণাধীন এলাকায় মাটি/বালু/সিমেন্ট/পাথর/নির্মাণসামগ্রী ঢেকে রাখা; সিটি করপোরেশন রাস্তায় পানি ছিটানো; রাস্তা/কালভার্ট/কার্পেটিং/খোঁড়াখুঁড়ির কাজে দরপত্রের শর্ত পালন নিশ্চিত করা; সড়ক পরিবহন আইন অনুসারে গাড়ির চলাচল সময়সীমা নির্ধারণ ও মেয়াদোত্তীর্ণ গাড়ি চলাচল বন্ধ করা; পরিবেশগত সনদ ছাড়া চলমান টায়ার ফ্যাক্টরি বন্ধ করা; মার্কেট/দোকানের প্রতিদিনের বর্জ্য ব্যাগে ভরে রাখা এবং বর্জ্য অপসারণ নিশ্চিত করার বিষয়গুলো রয়েছে।