দেশে ডেঙ্গুতে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত) আক্রান্ত হয়ে ১১৩ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। আজ স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়া ব্যক্তিদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোয় ভর্তি হয়েছেন ৬৬ জন ও ঢাকার বাইরে ৪৭ জন।
এ নিয়ে চলতি বছর হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হলেন ৬১ হাজার ৫২১ জন। তাঁদের মধ্যে ঢাকায় ভর্তি হয়েছেন ৩৮ হাজার ৭৫৪ জন এবং ঢাকার বাইরে ২২ হাজার ৭৬৭ জন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৬৪৫ ডেঙ্গু রোগী ভর্তি আছেন। তাঁদের মধ্যে ঢাকা মহানগরের সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৩৫০ জন, ঢাকার বাইরের হাসপাতালে ২৪৫ জন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ২৭১ জন। তাঁদের মধ্যে ঢাকা মহানগরে মারা গেছেন ১৬৭ জন এবং ঢাকার বাইরে অন্যান্য জেলায় ১০৪ জন।
চলতি মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৭ জনের, আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪ হাজার ১৬৩ জন। ডেঙ্গুতে সবচেয়ে বেশি ১১৩ জন মারা যান গত নভেম্বরে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯ হাজার ৩৩৪ জন। তবে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন অক্টোবরে। ওই মাসে ২১ হাজার ৯৩২ জন হাসপাতালে ভর্তি হন। তাঁদের মধ্যে মারা যান ৮৬ জন।
দুই দশকের বেশি সময় ধরে ডেঙ্গু বাংলাদেশে বড় ধরনের জনস্বাস্থ্য সমস্যা। ২০০০ সালের পর থেকে প্রতিবছর বহু মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন এবং এতে মৃত্যু হচ্ছে। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৮ হাজার ৪২৯ জন হাসপাতালে ভর্তি হন। তাঁদের মধ্যে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।