
মারধর ও টাকা আত্মসাতের অভিযোগে রাজধানীর লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে বিল্লাল হোসেন নামের এক ব্যক্তি বাদী হয়ে আজ বৃহস্পতিবার এ মামলা করেন। আদালত মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন ওই আদালতের বেঞ্চ সহকারী জাহিদ হাসান।
তবে মামলার অভিযোগের বিষয় লালবাগ থানার ওসি এস এম মুর্শেদ প্রথম আলোকে বলেন, হয়রানির উদ্দেশ্যে বিল্লাল তাঁদের বিরুদ্ধে মামলা করেছেন। নিশ্চয়ই তদন্তে সেটি উঠে আসবে। মামলায় লালবাগ থানার অপর যে চার পুলিশ সদস্যকে আসামি করা হয়েছে, তাঁরা হলেন উপপরিদর্শক (এসআই) তারেক নাজির, তারেক আজিজ, আতোয়ার হোসেন ও কৃষ্ণচন্দ্র মিত্র।
মামলায় বিল্লাল হোসেন দাবি করেন, ১৩ অক্টোবর তাঁর বিরুদ্ধে পৃথক দুটি ষড়যন্ত্রমূলক মামলা হয়। সে মামলায় লালবাগের স্থানীয় একটি সমিতির অফিস থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আসামিরা (পুলিশ সদস্যরা) আসার সময় অফিসের ড্রয়ারে রাখা সাড়ে চার লাখ টাকা, তিন ভরি স্বর্ণালংকার, সিসি ক্যামেরার ডিজিটাল ভিডিও রেকর্ডারসহ (ডিভিআর) অন্য কাগজপত্র নিয়ে যান। এর প্রতিবাদ করলে আসামিরা তাঁকে মারধর করে থানায় নিয়ে যান। পরে দুই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। সম্প্রতি জামিনে ছাড়া পেয়ে তিনি মামলা করেন।
এ অভিযোগ সম্পর্কে লালবাগ থানার ওসি এস এম মুর্শেদ বলেন, মূলত মাতাল অবস্থায় পড়ে থাকার তথ্য জানতে পেরে পুলিশ বিল্লালকে উদ্ধার করে। মাতাল অবস্থায় মারধরের অভিযোগে অন্য আরেকজন বিল্লালের বিরুদ্ধে মামলা করেন। আর মদ পানের অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁর বিরুদ্ধে মামলা হয়। বিল্লালের বিরুদ্ধে অন্যান্য থানায় মামলা রয়েছে বলে জানান লালবাগ থানার ওসি।