‘আইইইই থার্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন কম্পিউটিং, অ্যাপ্লিকেশনস অ্যান্ড সিস্টেমস (কমপাস ২০২৬)’ শীর্ষক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের অতিথিরা
‘আইইইই থার্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন কম্পিউটিং, অ্যাপ্লিকেশনস অ্যান্ড সিস্টেমস (কমপাস ২০২৬)’ শীর্ষক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের অতিথিরা

এআই ও সাইবার নিরাপত্তা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা, কম্পিউটার ভিশন ও উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিং নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। আজ শুক্রবার সকালে বাংলা একাডেমিতে ‘আইইইই থার্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন কম্পিউটিং, অ্যাপ্লিকেশনস অ্যান্ড সিস্টেমস (কমপাস ২০২৬)’ শীর্ষক সম্মেলনের উদ্বোধন করা হয়। আইইইই কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করেছে। এতে দেশ-বিদেশের গবেষকেরা কম্পিউটিংয়ের বিভিন্ন নতুন প্রযুক্তি ও ব্যবহারিক প্রয়োগ নিয়ে আলোচনা করবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগ বলছে, এটি কমপাসের তৃতীয় আসর। এতে বুদ্ধিমান ব্যবস্থা, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, ভিজ্যুয়াল কম্পিউটিং, ডেটা বিশ্লেষণ, নেটওয়ার্ক ও নিরাপত্তা, কোয়ান্টাম কম্পিউটিং এবং বিভিন্ন বাস্তব ব্যবস্থায় ব্যবহৃত প্রযুক্তি নিয়ে গবেষণাপত্র উপস্থাপন করা হবে। সম্মেলনে ৬১৬টি গবেষণাপত্র জমা পড়েছিল। এর মধ্যে ২১২টি গৃহীত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, গবেষণার মান শুধু প্রকাশিত গবেষণাপত্র, সাইটেশন বা র‍্যাঙ্কিং দিয়ে বিচার করা উচিত নয়। গবেষণার প্রশ্নের গুরুত্ব, ফলাফলের পুনরুৎপাদনযোগ্যতা এবং মানুষের জীবনে গবেষণার ইতিবাচক প্রভাবও গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক উপমা কবির বলেন, আধুনিক গবেষণায় কম্পিউটিং, এআই, যোগাযোগ প্রযুক্তি, রোবোটিকস, জ্বালানি ও উপকরণবিজ্ঞানসহ বিভিন্ন শাখা পরস্পরের সঙ্গে যুক্ত হচ্ছে। এআই, মেশিন লার্নিং, ইন্টারনেট অব থিংস (আইওটি), সাইবার নিরাপত্তা ও ডেটা সায়েন্সে বিশ্ববিদ্যালয়ের গবেষণাকে স্বাস্থ্য, কৃষি, পরিবহন ও জলবায়ুর মতো বাস্তব সমস্যার সমাধানে কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আবদুর রাজ্জাক বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক গবেষণার ক্রমবর্ধমান চাহিদা পূরণে শক্তিশালী গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ)–ভিত্তিক উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিং অবকাঠামো প্রয়োজন। আন্তর্জাতিক মানের গবেষণা এবং বড় এআই মডেল নিয়ে কাজের জন্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের তথ্য বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সঙ্গে বিনিময়ের ওপরও গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আইইইই বাংলাদেশ সেকশনের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ইমামুল হাসান ভূঁইয়া। উদ্বোধনী অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট ডালাসের অধ্যাপক লতিফুর খান।

আগামীকাল শনিবার সম্মেলনের শেষ দিনে মূল প্রবন্ধ, কারিগরি অধিবেশন ও প্লেনারি আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।