জাতীয় জাদুঘরে ‘নদী ও পাখি’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধনের পর ঘুরে দেখছেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। শাহবাগ, ঢাকা। ৩ অক্টোবর ২০২৬
জাতীয় জাদুঘরে ‘নদী ও পাখি’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধনের পর ঘুরে দেখছেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। শাহবাগ, ঢাকা। ৩ অক্টোবর ২০২৬

প্রকৃতি রক্ষার বার্তা নিয়ে নদী ও পাখির আলোকচিত্র প্রদর্শনী

হারিয়ে যাওয়া নদী ও সংকটাপন্ন পাখির রূপ তুলে ধরে প্রকৃতি রক্ষার আহ্বান জানানো হয়েছে এক আলোকচিত্র প্রদর্শনীতে। আজ শনিবার সকালে জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে ‘নদী ও পাখি’ শীর্ষক এই প্রদর্শনীর উদ্বোধন করা হয়। প্রদর্শনীর আয়োজন করেছে পরিবেশবাদী সংগঠন ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, ‘আমরা ছোটবেলায় যে নদী দেখেছি, সেই নদীগুলো আস্তে আস্তে ভরাট হয়ে যাচ্ছে। আমাদের নদীকেন্দ্রিক যে সংস্কৃতি ছিল, সেটাও হারিয়ে গেছে। আমাদের আচরণের কারণে পাখিরাও হারিয়ে যাচ্ছে।’

নাগরিক সচেতনতার ওপর জোর দিয়ে শেখ ফরিদুল ইসলাম বলেন, নদী, পাখি ও প্রকৃতি রক্ষার দায়িত্ব শুধু সরকারের নয়। নাগরিকদেরও নিজেদের অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে। নদী ও জলাভূমি রক্ষা, দূষণ কমানো এবং প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার কমানোর ওপর গুরুত্ব দেন তিনি। পাশাপাশি তিনি ছবি তোলার চেয়ে প্রকৃতিকে সরাসরি দেখার ও উপভোগ করার অভ্যাস গড়ে তোলার পরামর্শ দেন।

আয়োজকেরা জানান, প্রদর্শনীতে নদী ও পাখি নিয়ে মোট ১৭০টি আলোকচিত্র স্থান পেয়েছে। এর মধ্যে আলোকচিত্রী আনসার উদ্দিন খান পাঠানের তোলা পাখির ১২৬টি এবং আবির আবদুল্লাহর তোলা নদী ও প্রকৃতির ৪৪টি ছবি রয়েছে। আনসার উদ্দিন খানের ছবিতে পাতি জলমুরগি, বাদামি ঝিল্লি, বালিহাঁস, জলময়ূর ও পরিযায়ী পাখি রাঙাচ্যাগার মতো নানা প্রজাতির পাখির দেখা মেলে। অন্যদিকে আবির আবদুল্লাহর লেন্সে উঠে এসেছে উপকূলীয় জীবন, নাফ নদী ও বুড়িগঙ্গার দূষণসহ নদীপাড়ের মানুষের জীবনের নানা চিত্র।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেন, শৈশবে কবিতা ও গানে পাখির ডাকের কথা শোনা গেলেও এখন অনেক জায়গায় সেই পরিচিত শব্দ আর পাওয়া যায় না। তিনি নদী ও পাখি রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান মুজিবর রহমান হাওলাদার এবং বাংলাদেশ বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা ও পাখিবিশেষজ্ঞ ইনাম আল হক।

আয়োজকেরা জানান, নদী, পাখি, প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণের তাগিদ তুলে ধরাই এই প্রদর্শনীর মূল লক্ষ্য। ৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রদর্শনীটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।