কিশোর গ্যাংয়ের দ্বন্দ্বে পল্লবীর এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত: র‍্যাব

ছুরিকাঘাত
 প্রতীকী ছবি

ঢাকার পল্লবীতে এসএসসি পরীক্ষার্থী রাকিবকে ছুরিকাঘাতের ঘটনায় স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের প্রধানসহ পাঁচজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‌্যাব।

গতকাল বৃহস্পতিবার ঢাকা, যশোর ও ঝালকাঠি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। কিশোর গ্যাংয়ের সদস্য হলেও গ্রেপ্তার পাঁচজনের মধ্যে মো. রমজান, আল আমিন ও ইসমাইল হোসেন ওরফে পপকর্ন প্রাপ্তবয়স্ক বলেও জানিয়েছে র‌্যাব।

পাঁচজনকে গ্রেপ্তারের পর আজ শুক্রবার দুপুরে ঢাকার কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে জানানো হয়, মিরপুর-১২ নম্বর এলাকায় আধিপত্য বিস্তার, মাদক সেবনসহ বিভিন্ন অপরাধে জড়িয়েছেন কিছু তরুণ ও কিশোর। তাঁরা এলাকাভিত্তিক দুটি গ্যাং গড়ে তুলেছেন। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাঁরা সার্বক্ষণিক নানা বিবাদে জড়ান। গ্রেপ্তার ব্যক্তিরা জুনিয়র গ্রুপ নামে এলাকায় পরিচিত। আর সিনিয়র গ্রুপের সদস্য ভুক্তভোগী রাকিব।

সংবাদ সম্মেলনে র‌্যাব-৪–এর অধিনায়ক মোজাম্মেল হক বলেন, কিছুদিন আগে সিনিয়র গ্রুপের সদস্যদের সম্মান প্রদর্শন না করায় গ্রেপ্তার আসামি ও তাঁদের গ্রুপের সদস্যদের চড়থাপ্পড় ও হুমকি দেন সিনিয়র গ্রুপের সদস্যরা। এর জেরে গত ২৩ সেপ্টেম্বর এসএসসি পরীক্ষার্থী রাকিবকে একা পেয়ে তার পিঠে ছুরিকাঘাত করেন জুনিয়র গ্রুপের সদস্যরা। রাকিবের মুঠোফোন ও মানিব্যাগ নিয়ে পালিয়ে যান তাঁরা। গুরুতর আহত অবস্থায় সে এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। আহত হওয়ার আগে রাকিব পাঁচটি পরীক্ষা দিয়েছিল। আহত অবস্থায় ষষ্ঠ পরীক্ষার দিন হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে কেন্দ্রে এলেও পরীক্ষা চলাকালে সে অচেতন হয়ে পড়ে। পরে আর কোনো পরীক্ষা দিতে পারেনি সে।

র‌্যাব বলছে, গ্রেপ্তার পাঁচজনের মধ্যে রমজান জুনিয়র গ্রুপের প্রধান। তিনি মিরপুর-১২ এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করেন। তিনি সপ্তম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছেন। এখন জুনিয়র গ্রুপের প্রধান হিসেবে এলাকায় আধিপত্য বিস্তার, ইভটিজিং, ছিনতাই, মাদক সেবনসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়েছেন। রমজানের অন্যতম সহযোগী হিসেবে কাজ করেন গ্রেপ্তার আল আমিন ও ইসমাইল হোসেন। তাঁরা মিরপুর-১২ নম্বর এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করেন। তাঁরা দুজনেই অষ্টম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন। গ্রেপ্তার অন্য দুজন অপ্রাপ্ত বয়সী হলেও একই ধরনের অপরাধের সঙ্গে যুক্ত।

রাকিবকে ছুরিকাঘাত করার ঘটনায় পল্লবী থানায় একটি হত্যাচেষ্টা মামলা হয়েছে। ওই মামলার আসামি হিসেবে গ্রেপ্তার পাঁচজনকে পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।