
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এফ এম আবদুল মঈন শিক্ষার্থী মোহাম্মদ ইকবাল মনোয়ারকে বহিষ্কার করে তাঁর ক্ষমতার অপব্যবহার করেছেন। এর মাধ্যমে উপাচার্য তাঁর পদে থাকার যোগ্যতা হারিয়েছেন।
আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাবেক ক্যাম্পাস সাংবাদিকদের মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। উপাচার্যের বক্তব্য নিয়ে প্রতিবেদন প্রকাশের জেরে ইকবাল মনোয়ারকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের প্রতিবাদে এই মানববন্ধনের আয়োজন করা হয়। ইকবাল দৈনিক যায়যায়দিন পত্রিকার কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।
মানববন্ধন থেকে বক্তারা ইকবাল মনোয়ারের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করা ও দুর্নীতির পক্ষে সাফাই গাওয়ায় উপাচার্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মীর মোহাম্মদ জসিম বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইকবালকে বহিষ্কার করে তাঁর ক্ষমতার অপব্যবহার করেছেন। এমন উপাচার্য বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য বাধা, দেশের জন্য বাধা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ও ডেইলি স্টারের নিজস্ব প্রতিবেদক মো. আসাদুজ্জামান বলেন, দেশের সাংবাদিকেরা দুর্নীতি নিয়ে রিপোর্ট করেন, সেখানে একজন বিশ্ববিদ্যালয়ের ভিসি দুর্নীতির পক্ষে সাফাই গান। উপাচার্য বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের সামনে যে বক্তব্য দিয়েছেন, তা অগ্রহণযোগ্য।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মুহাম্মাদ শফিউল্লাহ বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় দুর্নীতির পক্ষে কথা বলেছে। সাংবাদিকের সংবাদ প্রচারেও বাধা দিয়েছে। সংবাদিকতার জন্য একাডেমিক বহিষ্কার আইনগতভাবে বৈধ নয়।
ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মাহমুদুল হাসান বলেন, উপাচার্য সাংবাদিক ইকবালকে বহিষ্কার করে শুধু আইনের লঙ্ঘনই করেননি, একই সঙ্গে মানবাধিকারও ক্ষুণ্ন করেছেন। অবিলম্বে ইকবালের ছাত্রত্ব ফিরিয়ে দেওয়ার দাবি জানান তিনি।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) সাবেক সভাপতি জাহিদুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সাবেক সহসভাপতি কেফায়েত শাকিল, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল হাকিম আবির, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মামুন তুষার, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি হাসান ওয়ালী, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি রবিউল আলম প্রমুখ বক্তব্য দেন। মানববন্ধনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাবেক ক্যাম্পাস সাংবাদিকেরা অংশ নেন।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এফ এম আবদুল মঈনের বক্তব্য নিয়ে প্রতিবেদন করায় গত বুধবার রাতে ইংরেজি বিভাগের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী (২০১৭-১৮ বর্ষ) শিক্ষার্থী মোহাম্মদ ইকবাল মনোয়ারকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। ইকবাল মনোয়ার কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) অর্থ সম্পাদক পদে রয়েছেন।