রাজধানী মিরপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবক নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে মিরপুর ২ নম্বর সনি সিনেমা হল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম নাহিদ কামাল (৩০)। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। এ ঘটনায় সামান্য আহত হয়েছেন মোটরসাইকেলের পেছনে বসা তাঁর বন্ধু কাজী ফেরদৌস (৩১)।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, এক বন্ধুসহ মোটরসাইকেলে করে মিরপুর ২ থেকে মিরপুর ১-এ যাচ্ছিলেন নাহিদ। এ সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে রাত একটার দিকে তাঁকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত তিনটার দিকে মারা যান তিনি।
মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. শামসুদ্দৌহা প্রথম আলোকে বলেন, পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পারিবারিক সূত্র জানায়, নাহিদের গ্রামের বাড়ি ঢাকার নবাবগঞ্জ থানার মুন্সিনগর গ্রামে। তিনি মিরপুরের দারুসসালামের লালকুঠি এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন।
গাড়িচাপায় নারী নিহত
আজ সোমবার ভোরে রাজধানীর মগবাজার এলাকার ইনসাফ হাসপাতালের পাশে উড়ালসড়কের ওপর অজ্ঞাত গাড়ির চাপায় এক নারী নিহত হয়েছেন। নিহত ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। তবে তাঁর বয়স আনুমানিক ৫০ বছর বলে জানিয়েছে পুলিশ।
হাতিরঝিল থানার এসআই আসাদুজ্জামান ভোর সাড়ে পাঁচটায় অজ্ঞাতপরিচয় ওই নারীর মরদেহটি উদ্ধার করেন। এরপর আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায় পুলিশ। পুলিশের এই কর্মকর্তা জানান, নিহত ওই নারী ভিক্ষাবৃত্তি করতেন বলে পুলিশ জানতে পেরেছে।