ঢাবি শিক্ষার্থী এলমাকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগপত্র গ্রহণ

এলমা চৌধুরী ও তাঁর স্বামী ইফতেখার আবেদীন
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃত্যকলা বিভাগের শিক্ষার্থী এলমা চৌধুরীর মৃত্যুর ঘটনায় করা মামলায় তাঁর স্বামী ইফতেখার আবেদীনের বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত।

আজ বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক এ আদেশ দেন। প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন।

আদালত–সংশ্লিষ্ট সূত্র বলছে, এলমা চৌধুরীকে আত্মহত্যায় প্ররোচনার জন্য ইফতেখার আবেদীনকে অভিযুক্ত করে গত ৩১ মে আদালতে অভিযোগপত্র জমা দেয় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পাশাপাশি মামলা থেকে ইফতেখারের বাবা ও মাকে অব্যাহতির আবেদন করা হয়। এলমা চৌধুরীর বাবা সাইফুল ইসলাম চৌধুরীর উপস্থিতিতে মামলার অভিযোগপত্র গ্রহণ বিষয়ে শুনানি হয়। পরে আদালত অভিযোগপত্র গ্রহণ করেন বলে জানান এসআই আলমগীর হোসেন।

গত বছরের ১৪ ডিসেম্বর রাজধানীর বনানীতে স্বামীর বাসায় মারা যান এলমা। মৃত্যুর এক দিন পর বাবা সাইফুল রাজধানীর বনানী থানায় হত্যা মামলা করেন। মামলায় এলমার স্বামী ইফতেখার আবেদীন, শাশুড়ি শিরিন আমিন ও শ্বশুর মো. আমিনকে আসামি করা হয়। এই তিনজন পারস্পরিক যোগসাজশে এলমাকে হত্যা করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়।

মামলার এজাহারে বলা হয়েছিল, গত বছরের এপ্রিলে এলমার সঙ্গে ইফতেখারের বিয়ে হয়। বিয়ের পর ইফতেখার ও তাঁর মা–বাবা এলামাকে পড়ালেখা বন্ধ করতে বলেন। এলমা পড়ালেখা বন্ধ করতে না চাওয়ায় ইফতেখার ও তাঁর মা–বাবা মিলে তাঁকে শারীরিকভাবে নির্যাতন করতেন। একপর্যায়ে তাঁর মাথার চুলও কেটে দেওয়া হয়।

বিয়ের তিন মাস পর ইফতেখার কানাডায় চলে যান। পরে গত বছরের ১২ ডিসেম্বর তিনি দেশে ফেরেন।

মামলার এজহারে সাইফুল চৌধুরী অভিযোগ করেছিলেন, তাঁর মেয়ের নাক, ওপরের ঠোঁট, পিঠের ডান পাশ, বাঁ কানসহ শরীরের বিভিন্ন জায়গায় জখমের চিহ্ন ছিল। তবে ডিবি পুলিশের দেওয়া অভিযোগপত্রের তথ্য বলছে, এলমা চৌধুরী খুন হননি। তবে তাঁকে আত্মহত্যায় প্ররোচনা দেন স্বামী ইফতেখার।