
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল ও পুত্রবধূ সুলতানা কামালের নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদে একটি ট্রাস্ট ফান্ড গঠন করা হয়েছে৷ ‘শেখ কামাল-সুলতানা কামাল ট্রাস্ট ফান্ড’ নামের এই তহবিল গঠনের জন্য অনুষদের পক্ষ থেকে ৪০ লাখ টাকা দেওয়া হয়েছে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত শেখ কামাল ও তাঁর স্ত্রী সুলতানা কামাল—দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন, যা সামাজিক বিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত৷
শেখ কামাল-সুলতানা কামাল ট্রাস্ট ফান্ড গঠনের লক্ষ্যে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফ্ফর আহহদ চৌধুরী মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামানের কাছে ৪০ লাখ টাকার চেক হস্তান্তর করেন অনুষদের ডিন জিয়াউর রহমান। অনুষদের বিভিন্ন অভ্যন্তরীণ খাত থেকে এই অর্থ সংগ্রহ করা হয়।
নবগঠিত এই ট্রাস্ট ফান্ডের আয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবছর ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে বিশেষ সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কার ও বৃত্তি দেওয়া হবে।
ট্রাস্ট ফান্ডের চেক হস্তান্তর অনুষ্ঠানে উপাচার্য মো. আখতারুজ্জামান ছিলেন প্রধান অতিথি৷ তিনি বলেন, ‘এই ট্রাস্ট ফান্ডের মাধ্যমে নতুন প্রজন্ম শহীদ শেখ কামাল ও শহীদ সুলতানা কামালের বর্ণাঢ্য কর্মময় জীবন ও আদর্শ সম্পর্কে জানতে পারবে।
বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামাল ও পুত্রবধূ শহীদ সুলতানা কামাল ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী ছিলেন৷ শহীদ শেখ কামাল একাধারে একজন ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, চৌকস সেনা কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক কর্মী ও সংগঠক ছিলেন। অসাধারণ প্রতিভাবান এই ব্যক্তিত্ব জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন। শহীদ সুলতানা কামাল দেশের একজন কৃতী অ্যাথলেট ছিলেন। তাঁদের জীবন ও কর্ম থেকে শিক্ষা নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও সফল হবে।’
বঙ্গবন্ধুর চাচাতো ভাই (শেখ কামালের চাচা) শেখ কবির হোসেন অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন। তিনি বলেন, নবগঠিত এই ট্রাস্ট ফান্ড ইতিহাস হয়ে থাকবে। এটা শুধু বৃত্তি দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, শিক্ষার্থীদের মানুষ হিসেবে গড়ে তুলতে এই ফান্ড ভূমিকা রাখবে। এর প্রসার হবে, মানুষ উপকৃত হবে। এর মাধ্যমে শেখ কামালের আদর্শ চর্চা হবে। কামালের আদর্শ শুধু খেলাধুলার মধ্যে সীমাবদ্ধ ছিলেন না। তিনি খেলাধুলায় যেমন ছিলেন, রাজনীতি ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও তেমন ছিল। সবকিছুতেই তাঁর সম্পৃক্ততা ছিল৷
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন জিয়াউর রহমান। তিনি বলেন, ‘শেখ কামাল ও সুলতানা কামাল অত্যন্ত মেধাবী ও বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। তাঁরা আমাদের সামাজিক বিজ্ঞান অনুষদের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। তাঁদের প্রতি আমাদের দীর্ঘদিনের একটা দায় ছিল এ ধরনের একটা উদ্যোগ নেওয়ার। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে আমরা তাঁদের বারবার স্মরণ করতে পারব।’
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মমতাজ উদ্দিন আহমেদ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন। আরও বক্তব্য দেন সুলতানা কামালের ছোট ভাই গোলাম আহমেদ টিটো।