
রাজধানীর দোলাইরপাড়ে সড়ক দুর্ঘটনায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ভ্যানচালকের নাম মো. খায়ের মোল্লা (৪৯)। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, রাজধানীর পোস্তাগোলা থেকে ইস্পাতের পাত ও লোহার অ্যাঙ্গেল ভ্যানে নিয়ে যাত্রাবাড়ীতে যাচ্ছিলেন চালক খায়ের। দোলাইরপাড়ে যাত্রীবাহী একটি বাস খায়েরের ভ্যানটিকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। তিনি তাঁর ভ্যানের সামনে থাকা ট্রাকের সঙ্গে গিয়ে সজোরে ধাক্কা খান। এতে গুরুতর আহত হন খায়ের। তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) নিজাম উদ্দিন প্রথম আলোকে বলেন, নড়াইল পরিবহন নামের যাত্রীবাহী বাসটিকে জব্দ করা হয়েছে। তবে বাসের চালক পালিয়ে গেছেন।
খায়ের পরিবার নিয়ে পোস্তগোলা এলাকায় থাকতেন। তাঁর গ্রামের বাড়ি যশোরের কোতোয়ালি থানা এলাকায়। তাঁর বাবা কাঞ্চন মোল্লা। খায়েরের স্ত্রী ও দুই ছেলে আছে।
খায়েরের স্ত্রী শিরিনা বেগম ও ছেলে শাহিন মোল্লা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিলাপ করছিলেন। পরে তাঁরা প্রথম আলোকে বলেন, আজ সকাল ১০টার দিকে বাসা থেকে খাবার খেয়ে ভ্যান নিয়ে বের হয়েছিলেন খায়ের। পোস্তগোলা থেকে মালামাল নিয়ে যাত্রাবাড়ীতে যাওয়ার কথা ছিল তাঁর। পরে তাঁরা দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে আসেন।