
রাজধানীর তেজগাঁও এলাকায় ক্ষমতাসীন আওয়ামী লীগের ওয়ার্ড কার্যালয়ে বসে ভোটার নিবন্ধন করার ঘটনায় তদন্ত শুরু করছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল রোববার প্রথম আলোতে এ–সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর ইসির নির্দেশে বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়।
ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের বিধান রয়েছে। তবে এটি অনেক জায়গায় মানা হচ্ছে না। গত শনিবার সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ২৪ নম্বর ওয়ার্ড কার্যালয়ে গিয়ে দেখা যায়, তথ্য সংগ্রহকারী ওই কার্যালয়ে বসে ভোটার নিবন্ধনের ফরম পূরণের কাজ করছেন।
এমনকি ভোটার হতে ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে যাওয়ার জন্য শনিবার কার্যালয়ের পাশের মসজিদের মাইকে ঘোষণা দেওয়ার কথা জানান স্থানীয় বাসিন্দারা। তাঁরা বলেন, কয়েক দিন ধরে বিকেল থেকে রাত পর্যন্ত ওই কার্যালয়ে বসে তথ্য সংগ্রহের কাজ করা হচ্ছিল।
ইসি সূত্র জানায়, ঢাকা জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় তেজগাঁওয়ের ঘটনাটি তদন্ত করছে। এ বিষয়ে ঢাকা জেলার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান গতকাল প্রথম আলোকে বলেন, পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর বিষয়টি নিয়ে তাঁরা জানতে চেয়েছেন। তিনি নিজেই বিষয়টি তদন্ত করছেন। এ বিষয়ে নির্বাচন কমিশনে তিনি লিখিত প্রতিবেদন দেবেন।
এদিকে গতকাল বিকেলে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ২৪ নম্বর ওয়ার্ড কার্যালয়ে গিয়ে দেখা যায়, সেখানে ভোটার নিবন্ধনের কাজ আর হচ্ছে না।