সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১১৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ের মধ্যে কারও মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ঢাকায় ৬১ জন এবং ঢাকার বাইরে ৫৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ১ হাজার ২১৭ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি আছেন। তাঁদের মধ্যে ঢাকা মহানগরের ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৬৯২ জন এবং অন্যান্য বিভাগে চিকিৎসা নিচ্ছেন ৫২৫ জন।
এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৮ হাজার ৩৩৩ জন। এর মধ্যে ২৬৩ জন মারা গেছেন। সবচেয়ে বেশি ১১৩ জন মারা যান গত নভেম্বরে।
২০০০ সালে দেশে ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছিল। ওই বছর ডেঙ্গুতে মারা যান ৯৩ জন। এরপর ডেঙ্গুর সবচেয়ে বড় প্রকোপ দেখা দেয় ২০১৯ সালে। ওই বছর মারা যান ১৭৯ জন। করোনা মহামারি শুরুর বছর, অর্থাৎ ২০২০ সালে মারা যান ৭ জন এবং পরের বছর মারা যান ১০৫ জন।