রাজধানীর শাহবাগে আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে বিএসএমএমইউয়ের সামনে তরঙ্গ প্লাস পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়
রাজধানীর শাহবাগে আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে বিএসএমএমইউয়ের সামনে তরঙ্গ প্লাস পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়

অবরোধে বৃষ্টির মধ্যে ঢাকায় দুই বাসে আগুন

দশম দফা অবরোধের শেষ দিনে বৃষ্টির মধ্যে রাজধানীর শাহবাগ ও মতিঝিলে দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি।

আজ বৃহস্পতিবার সকাল ও দুপুরে এসব বাসে আগুন লাগানো হয়।

বেলা দেড়টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সামনে তরঙ্গ প্লাস পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা মো. শাহজাহান শিকদার। তিনি বলেন, আগুন লাগানোর সময় যাত্রীরা নিরাপদে নেমে গেছেন। সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট পুলিশ পাহারায় গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

সকাল সাড়ে ৯টার দিকে মতিঝিল শাপলা চত্বরের কাছে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগানো হয়। পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার হায়াতুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, বাসটির পেছনের সিটে আগুন লেগেছিল। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগে বাসটির চালক ও চালকের সহকারীরা তা নিভিয়ে ফেলেছেন।

এর আগে গতকাল বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে আগারগাঁওয়ে একটি ব্যাংকের সামনে থেমে থাকা একটি ট্রাকে আগুন দেওয়া হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা দশম দফা অবরোধের শেষ দিন আজ। সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং দলের নেতা-কর্মীদের মুক্তির দাবিতে গত ২৯ অক্টোবর থেকে কখনো অবরোধ, কখনো হরতালের কর্মসূচি দিয়ে আসছে বিএনপি। একই ধরনের কর্মসূচি দিয়ে আসছে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা কয়েকটি রাজনৈতিক দল ও জোট। কর্মসূচি চলাকালে রাজধানীসহ বিভিন্ন জায়গায় যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটছে।