সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে ফুল কোর্ট সভা আগামীকাল সোমবার বিকেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আগামীকাল বিকাল চারটায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এই ফুল কোর্ট সভা অনুষ্ঠিত হবে। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আজ রোববার প্রকাশিত এক নথি থেকে এই তথ্য জানা গেছে।
চলতি বছরের অধস্তন আদালতের ছুটিসংক্রান্ত বিষয় ফুল কোর্ট সভার মূল আলোচ্যসূচিতে রয়েছে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।
ফুল কোর্ট সভা বিষয়ে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আজ প্রকাশিত নথিটিতে ৩ ফেব্রুয়ারি সই করেছেন হাইকোর্ট বিভাগের ভারপ্রাপ্ত ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. মেসবাহ্ উদ্দিন খান।
নথিতে বলা হয়, উপযুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে ৯ ফেব্রুয়ারি বিকেল চারটায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে ফুল কোর্ট সভা অনুষ্ঠিত হবে।