কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার চায় ছাত্র ইউনিয়ন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও সাংবাদিক মোহাম্মদ ইকবাল মনোয়ারকে বহিষ্কারের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ করেছে ছাত্র ইউনিয়ন
ছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থী ও সাংবাদিক মোহাম্মদ ইকবাল মনোয়ারের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছে ছাত্র ইউনিয়ন। ওই বহিষ্কারাদেশ প্রত্যাহারে দাবি জানিয়ে আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন ছাত্র ইউনিয়নের একাংশের নেতারা। নেতারা বলছেন, এটি প্রশাসনের স্বেচ্ছাচারী আচরণের সর্বোচ্চ বহিঃপ্রকাশ।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এফ এম আবদুল মঈনের বক্তব্য নিয়ে প্রতিবেদন করায় ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও সাংবাদিক মোহাম্মদ ইকবাল মনোয়ারকে গত বুধবার সাময়িক বহিষ্কার করে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দাবি, উপাচার্যের বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করে প্রতিবেদন প্রকাশ করায় বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন হয়েছে। তবে বহিষ্কৃত শিক্ষার্থী বলছেন, তিনি উপাচার্যের বক্তব্য হুবহু উদ্ধৃত করে প্রকাশ করেছেন। তাঁর কাছে বক্তব্যের অডিও রেকর্ড ও তথ্যপ্রমাণ আছে।

এই ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্র ইউনিয়নের একাংশ। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে টিএসসির ডাস ক্যাফেটেরিয়ার সামনে এসে শেষ হয়। পরে ডাসের সামনে সমাবেশ হয়। সমাবেশে ছাত্র ইউনিয়নের একাংশের কেন্দ্রীয় সভাপতি রাগীব নাঈম বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মতে দুর্নীতি হলে দেশে উন্নতি হয়। আমরা তাঁর বক্তব্য ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। যে তথাকথিত অবকাঠামোগত উন্নয়ন ডিসকোর্সে পুরো দেশকে ভাসিয়ে দেওয়া হয়েছে, তার অংশ হিসেবে নতুন নতুন মেগা প্রকল্প পাস হচ্ছে এবং সেসব প্রকল্পে দুর্নীতির মধ্য দিয়ে কারও কারও উন্নতি অবশ্যই হচ্ছে। কিন্তু দেশের মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি পাচ্ছে না।’

রাগীব নাঈম আরও বলেন, ‘পুরো দেশে মানবাধিকার যেভাবে প্রতিনিয়ত লঙ্ঘিত হচ্ছে, বিশ্ববিদ্যালয়েও তা-ই হচ্ছে। একজন সাংবাদিক নবীনবরণে উপাচার্যের বক্তব্য উদ্ধৃত করে সংবাদ পরিবেশন করায় তাঁকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তাঁকে আত্মপক্ষ সমর্থনের সুযোগটুকু পর্যন্ত দেওয়া হয়নি। কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দিক থেকে আমরা স্বেচ্ছাচারী আচরণের সর্বোচ্চ বহিঃপ্রকাশ প্রত্যক্ষ করেছি।’

ছাত্র ইউনিয়নের একাংশের সাধারণ সম্পাদক রাকিবুল রনি সমাবেশ সঞ্চালনা করেন। সংগঠনের কেন্দ্রীয় কমিটি ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর ও বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা এতে অংশ নেন।