চট্টগ্রাম বন্দর ও বন্দর সহযোগী স্থাপনার নিরাপত্তাব্যবস্থা সরেজমিন পরিদর্শন করেছে যুক্তরাষ্ট্র কোস্টগার্ডের একটি প্রতিনিধি দল। আন্তর্জাতিক বন্দর নিরাপত্তা কর্মসূচির আওতায় গত সোমবার ও মঙ্গলবার দুদিনব্যাপী পরিদর্শন করে প্রতিনিধিদল।
পরিদর্শন দলটি সোমবার বন্দরের সংরক্ষিত এলাকা পরিদর্শন করে। এরপর বেসরকারি কনটেইনার ডিপো ইনকনট্রেড লিমিটেড ও সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড ডিপো পরিদর্শন করে। এ সময় এসব স্থাপনায় আন্তর্জাতিক নৌ সংস্থার নিরাপত্তাব্যবস্থা-সংক্রান্ত আইএসপিএস কোড (জাহাজ ও বন্দর স্থাপনার নিরাপত্তাঝুঁকি ব্যবস্থাপনা কার্যক্রম) বাস্তবায়ন অগ্রগতি পর্যবেক্ষণ করেন দলটির সদস্যরা। মঙ্গলবার বন্দর প্রশিক্ষণ ইনস্টিটিউটে বন্দরের নিরাপত্তা বিভাগের সদস্য ও বন্দর সহযোগী স্থাপনার দায়িত্বশীল ব্যবস্থাপকদের কারিগরি সহায়তা বিষয়ক প্রশিক্ষণ দেন তাঁরা।
প্রতিনিধিদলে ছিলেন যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডের লেফটেন্যান্ট কমান্ডার ব্রিয়ারলি অস্ট্রানডার, লেফটেন্যান্ট কমান্ডার আরভিন সিনট্রন ও চার্লস মার্সিরুইয়ো। পরিদর্শন শেষে মঙ্গলবার প্রতিনিধিদল বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহানের সঙ্গে সাক্ষাৎ করেন।
চট্টগ্রাম বন্দর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোস্টগার্ডের প্রতিনিধিদল আগের সফরে তাদের পর্যবেক্ষণ তুলে ধরেছিল। সেসব পর্যবেক্ষণ যথাযথভাবে প্রতিপালিত হওয়ায় এবং বেসরকারি ডিপোর নিরাপত্তা কার্যক্রমের উন্নতি হওয়ায় বন্দর ও ডিপো পরিচালনাকারীদের ধন্যবাদ দেন।
বন্দর কর্মকর্তারা জানান, যুক্তরাষ্ট্র যেসব দেশ থেকে পণ্য আমদানি করে, সেসব দেশে ‘আন্তর্জাতিক বন্দর নিরাপত্তা কর্মসূচি’র আওতায় বন্দর ও বন্দরসহায়ক স্থাপনার নিরাপত্তাব্যবস্থা খতিয়ে দেখে তারা। এ ক্ষেত্রে আন্তর্জাতিক নৌ সংস্থার নিরাপত্তাব্যবস্থা–সংক্রান্ত আইএসপিএস কোড (জাহাজ ও বন্দর স্থাপনার নিরাপত্তাঝুঁকি ব্যবস্থাপনা কার্যক্রম) বাস্তবায়নকে প্রাধান্য দেয় তারা। সমুদ্রে নাবিকদের জীবনের নিরাপত্তাবিষয়ক কনভেশন সেফটি অব লাইফ অ্যাট সি বা সোলাসের আওতায় আইএসপিএস কোড রয়েছে। ২০০৪ সালের ১ জুলাই থেকে এই কোড বাস্তবায়ন শুরু হয় বাংলাদেশেও।
এর আগে ২০১৭ সালে বন্দর পরিদর্শন করে মার্কিন প্রতিনিধিদলটি ১৬ দফা পর্যবেক্ষণ দিয়েছিল। সেই ১৬ দফা পর্যবেক্ষণের বাস্তবায়ন অগ্রগতি দেখতে ২০১৯ সালে পরিদর্শনে আসে তারা। তখন বন্দরের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে প্রতিনিধিদলটি। এরপরও সাইবার নিরাপত্তায় গুরুত্ব দেওয়ার কথা জানায় তারা। আবার পণ্য খালাস নিতে আসা গাড়ির চালক ও সহকারীদের দীর্ঘ সময় বন্দরের সংরক্ষিত এলাকায় অবস্থানকে নিরাপত্তাঝুঁকি হিসেবে চিহ্নিত করে তারা। সর্বশেষ গত বছর প্রতিনিধিদলটি বন্দর পরিদর্শন করেছিল।