আড়াই লাখ করোনার টিকা চট্টগ্রামে

অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত করোনার টিকার
ফাইল ছবি। রয়টার্স

চট্টগ্রামে পৌঁছেছে করোনাভাইরাসের টিকার ২ লাখ ৬৬ হাজার ৪০০ ডোজ। আজ শুক্রবার সেখানে টিকা পৌঁছায়। এর মধ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম ও মডার্নার টিকা রয়েছে। ফলে যাঁরা অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ পাননি, তাঁরা এবার পাবেন। আগামীকাল শনিবার থেকে অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হতে পারে।

আজ সকাল সাতটায় চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে এসব টিকা পৌঁছায়। একটি ফ্রিজার ভ্যানযোগে টিকাগুলো সেখানে পাঠানো হয়েছে। সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি টিকা গ্রহণ করেন। পরে সেগুলো ইপিআই কোল্ড রুমে সংরক্ষণের জন্য পাঠানো হয়।

সিভিল সার্জন কার্যালয় সূত্র বলেছে, যে টিকাগুলো এসেছে, তার মধ্যে ১ লাখ ৮ হাজার অ্যাস্ট্রাজেনেকার টিকার ডোজ। এ ছাড়া সিনোফার্মের টিকা রয়েছে ১ লাখ ২০ হাজার এবং মর্ডানার টিকার ডোজ ৩৮ হাজার ৪০০। সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি বলেন, অ্যাস্ট্রাজেনেকার টিকা এসে গেছে। যাঁরা দ্বিতীয় ডোজ পাননি, তাঁদের এই টিকা দেওয়া হবে। পাশাপাশি সিনোফার্ম ও মর্ডানার টিকাও পৌঁছেছে। চট্টগ্রামে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ পায়নি এমন ব্যক্তির সংখ্যা প্রায় ১ লাখ ৫ হাজার।

এদিকে কাল চট্টগ্রামসহ সারা দেশে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে করোনার টিকা দেওয়া হবে। এ জন্য ইতিমধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছে সিটি করপোরেশন ও সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তারা।