এক সপ্তাহ ধরে সংক্রমণ নিম্নমুখী: স্বাস্থ্য অধিদপ্তর

স্বাস্থ্য অধিদপ্তর
ছবি: সংগৃহীত

দেশে এক সপ্তাহ ধরে করোনা সংক্রমণের নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগনিয়ন্ত্রণ) অধ্যাপক মো. নাজমুল ইসলাম।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চ্যুয়াল স্বাস্থ্য বুলেটিনে নাজমুল ইসলাম এ কথা বলেন। তিনি বলেন, রাজধানীতে কোভিড ডেডিকেটেড শয্যার সংখ্যা অনেক খালি। তবে এসবের পরও আত্মতুষ্টির কোনো সুযোগ নেই।

নাজমুল ইসলাম বলেন, রাজধানী ঢাকার হাসপাতালগুলোতে কোভিড ডেডিকেটেড শয্যা আছে ৫ হাজার ২৩৫টি। এর মধ্যে ফাঁকা ৪ হাজার ২০৪টি। আবার আইসিইউ শয্যা আছে ৭৭০টি। এর মধ্যে ফাঁকা ৬০৫টি।

নাজমুল ইসলাম জানান, ৬ ফেব্রুয়ারি দেশে করোনা শনাক্তের হার ছিল ২১ শতাংশের ওপরে। সপ্তাহের শেষে এসে তা ১৬ দশমিক ৫ শতাংশে নেমেছে।

নাজমুল ইসলাম জানান, গতকাল শনিবার দেশে বিভিন্ন ধরনের টিকার প্রথম ডোজ ১০ কোটির মাইলফলক ছুঁয়েছে। দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ৬ কোটি ৮১ লাখ মানুষ। কমিউনিটি ক্লিনিকগুলো থেকে টিকা পেয়েছেন ১ কোটি ৮১ লাখের বেশি মানুষ।

নাজমুল ইসলাম বলেন, করোনার ডেলটা ধরনের জায়গা দখল করে নিচ্ছে অমিক্রন।

তথ্য–উপাত্তের আলোকে নাজমুল ইসলাম বলেন, জানুয়ারি মাসে দেশে করোনায় আক্রান্ত ব্যক্তিদের ৮০ শতাংশের দেহে অমিক্রন ধরন পাওয়া যায়।

চলতি মাসের শেষ নাগাদ শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলে আশা প্রকাশ করেন স্বাস্থ্য অধিদপ্তরের এই পরিচালক।

নাজমুল ইসলাম বলেন, ঢাকা মহানগরে ভাসমান মানুষদের টিকা দেওয়া শুরু হয়েছে। এটা পর্যায়ক্রমে সারা দেশেই ছড়িয়ে দেওয়া হবে। তাঁদের টিকা দেওয়া চ্যালেঞ্জিং। কারণ, তাঁরা এক জায়গায় থাকেন না।

১৫ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা শুরু হচ্ছে। বইমেলার সঙ্গে সম্পৃক্ত সবাইকে টিকা নেওয়ার পরামর্শ দেন নাজমুল ইসলাম। তিনি স্বাস্থ্যবিধি মেনে বইমেলায় যাওয়ার জন্য অনুরোধ করেন।