স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনার টিকার দামগুলো এখন মনে নেই। এ বিষয়ে তাঁকে নোটিশ দিলে এর দাম এবং কোথা থেকে এসেছে, সেটা বলতে পারবেন।
আজ রোববার জাতীয় সংসদে জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হকের এক সম্পূরক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, এখন পর্যন্ত সরকার প্রায় ৩০ কোটি ৫০ লাখ করোনার টিকা সংগ্রহ করেছে। এর মধ্যে ১৮ কোটি টিকা নগদ টাকায় কেনা হয়েছে। বাকিগুলো কোভ্যাক্সের আওতায় বিনা মূল্যে পাওয়া গেছে।
জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে আজ সংসদের প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। করোনা সংক্রমণের কারণে গত প্রায় দুই বছর সম্পূরক প্রশ্ন নেওয়া হয়নি। আজকের বৈঠকে সম্পূরক প্রশ্ন নেওয়া হয়।
সংসদে সরকারি দলের সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের ৮০ শতাংশ মানুষকে করোনার টিকা প্রদানের পরিকল্পনা করা হয়েছে। ৫ বছরের ওপরের সবাইকে পর্যায়ক্রমে টিকা প্রদান করা হবে। এ পর্যন্ত (১ জুন ২০২২) ১২ কোটি ৮৭ লাখ ৭৩ হাজার ৪৩৬টি প্রথম ডোজ, ১১ কোটি ৭৬ লাখ ৪৫ হাজার ৩৭১টি দ্বিতীয় ডোজ ও ভাসমান জনগোষ্ঠীকে ২ লাখ ৪৩ হাজার ৯১৮টি টিকা দেওয়া হয়েছে। এ ছাড়া ১ কোটি ৫২ লাখ ৮৯ হাজার ৬১০টি বুস্টার ডোজ টিকা দেওয়া হয়েছে।
সরকারি দলের আনোয়ার হোসেন খানের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশের চাহিদার ৯৮ শতাংশ ওষুধ দেশেই উৎপাদিত হয়। বর্তমানে বিশ্বের ১৫৭টি দেশে বাংলাদেশে উৎপাদিত প্রায় সব ধরনের ওষুধ রপ্তানি করা হয়। চলতি অর্থবছরের (২০২১-২২) এপ্রিল মাস পর্যন্ত প্রায় ৫ হাজার ৩২ কোটি ৫৪ লাখ ৯০ হাজার ৪০৯ টাকার ওষুধ রপ্তানি করা হয়েছে।
বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার সম্পূরক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনার কারণে কিছু কাজ ব্যাহত হয়েছে, যে কারণে উন্নয়ন বাজেটে খরচ কম হয়েছে। তবে করোনাকালে এই খাতে শ্রমের মূল্য প্রায় ৪০ হাজার কোটি টাকা। উন্নয়ন বাজেটের ৯ হাজার কোটি টাকা বরাদ্দের মধ্যে ৪০ শতাংশ ব্যয় হয়েছে। তবে জুন মাস শেষ হওয়ার আগে ৯০ শতাংশের বেশি খরচ হয়ে যাবে। কারণ, এখনো অনেকগুলো বিলের অর্থ পরিশোধ হয়নি।
সরকারি দলের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, নকল, ভেজাল, নিম্নমানের ওষুধ বিক্রয়, আনরেজিস্টার্ড ওষুধ উৎপাদন ও বাজারজাতকরণের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সরকার কঠোরতা অবলম্বন করেছে। ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে ২০২১ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতে ২ হাজার ৩৬টি মামলা হয়েছে এবং ২ কোটি ৬৭ লাখ ৫৪ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।