
২৪ ঘণ্টার ব্যবধানে দেশে করোনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমলেও মৃত্যু বেড়েছে। দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত) করোনায় সংক্রমিত আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছে ৮ হাজার ৩৫৯ জন।
আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আগের দিন নতুন রোগী শনাক্ত হয়েছিল ৯ হাজার ৫২ জন, মৃত্যু হয়েছিল ৩০ জনের।
গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট ৩৫ হাজার ৭৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২৩ দশমিক ৮৩ শতাংশ। আগের দিন এই হার ছিল ২২ দশমিক ৯৫ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মৃত ব্যক্তিদের মধ্যে ২১ জন পুরুষ ও ১৫ জন নারী। সবচেয়ে বেশি ২৫ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ ছাড়া খুলনায় ৩ জন, চট্টগ্রাম, রংপুর ও ময়মনসিংহ বিভাগে ২ জন করে এবং রাজশাহী ও সিলেট বিভাগে ১ জন করে মারা গেছেন।
২০২০ সালের মার্চে বাংলাদেশে প্রথম করোনার প্রাদুর্ভাব দেখা দেয়। এর পর থেকে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৮ লাখ ৪৪ হাজার ৮২৮ জন। সংক্রমিত ব্যক্তিদের মধ্যে মারা গেছেন ২৮ হাজার ৫২৪ জন। সুস্থ হয়েছেন ১৫ লাখ ৮৭ হাজার ৩৭৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬ হাজার ২৮২ জন।
দেশে বর্তমানে করোনার অতিসংক্রামক ধরন অমিক্রনের দাপট চলছে। করোনার এ ধরনের বিস্তারে মাসখানেকের মধ্যেই দেশে সংক্রমণ ও মৃত্যু কয়েক গুণ বেড়েছে। করোনার বিস্তার রোধে সরকারের বিধিনিষেধ চলছে। ২১ ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে স্কুল-কলেজ ও সমপর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।