
দেশে করোনা সংক্রমণ বৃদ্ধির সঙ্গে মৃত্যুও বাড়ছে। টানা দুদিন করোনায় ৩০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত) দেশে করোনা আক্রান্ত ৩১ জনের মৃত্যু হয়েছে। আগের দিন মৃত্যু হয়েছিল ৩৪ জনের।
বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩ হাজার ৫০১ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। আগের দিন রোগী শনাক্ত হয়েছিল ১২ হাজার ১৮৩ জন।
সর্বশেষ ২৪ ঘণ্টায় মোট ৪৫ হাজার ৩৫৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ২৯ দশমিক ৭৭ শতাংশ। আগের দিন এই হার ছিল ২৮ দশমিক ৩৩ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, ১৬ জনের। এ ছাড়া খুলনা বিভাগে ৫ জন, রংপুর ও ময়মনসিংহে ৩ জন করে, চট্টগ্রামে ২ জন এবং রাজশাহী ও সিলেট বিভাগে একজন করে মারা গেছেন। বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় কোনো মৃত্যু নেই। মৃত ৩১ জনের মধ্যে পুরুষ ২২ জন এবং নারী ১১ জন।
২০২০ সালের মার্চে বাংলাদেশে প্রথম করোনার প্রাদুর্ভাব দেখা দেয়। এরপর থেকে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৭ লাখ ৯৮ হাজার ৮৩৩ জন। সংক্রমিত ব্যক্তিদের মধ্যে মারা গেছেন ২৮ হাজার ৩৯৪ জন। সুস্থ হয়েছেন ১৫ লাখ ৬৮ হাজার ২১৩ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৫৬৮ জন।
দেশে বর্তমানে করোনার অতি সংক্রামক ধরন অমিক্রনের দাপট চলছে। করোনার এই ধরনের বিস্তারে মাসখানেকের মধ্যেই দেশে সংক্রমণ ও মৃত্যু কয়েক গুন বেড়েছে। গত ডিসেম্বরের প্রথম দিকেও দেশে করোনা শনাক্ত ১ শতাংশের ঘরেই ছিল। তবে গত মাসের দ্বিতীয়ার্ধে এসে সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। গত মাসের শেষ দিকে যেখানে দৈনিক রোগী শনাক্ত ৫০০-এর ঘরে ছিল, সেখানে ধারাবাহিকভাবে বেড়ে চলতি মাসে শেষে এসে তা ১৩ হাজারের বেশি হলো। অমিক্রন শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়েই করোনাভাইরাসের সংক্রমণ বেড়েছে।
এর আগে গত বছরের মাঝামাঝি করোনার ডেলটা ধরনের দাপটে দেশে করোনায় মৃত্যু, শনাক্ত ও শনাক্তের হার বেড়েছিল। তবে আগস্টে দেশব্যাপী করোনার গণটিকা দেওয়ার পর সংক্রমণ কমতে থাকে।
করোনার বিস্তার রোধে সরকারের বিধিনিষেধ চলছে। আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে স্কুল-কলেজ ও সমপর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এ ছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের ১১টি বিধিনিষেধ ১৩ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে। এ নির্দেশনা কার্যকর করতে ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান চলছে।