
দেশে ২৪ ঘণ্টার ব্যবধানে করোনায় মৃত্যু, নতুন রোগীর সংখ্যা ও শনাক্তের হার—সবই কমেছে। গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৪৩৬ জন। এ সময় করোনা সংক্রমিত চারজনের মৃত্যু হয়েছে।
আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগের দিন নতুন রোগী শনাক্ত হয়েছিল ৫২৯ জন ও মৃত্যু হয়েছিল ৮ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় সারা দেশে ২০ হাজার ৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২ দশমিক ১৮। আগের দিন এ হার ছিল ২ দশমিক ৬৩ শতাংশ। ২৪ ঘণ্টায় মৃত ব্যক্তিদের মধ্যে ৩ জন পুরুষ ও ১ জন নারী। এর মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। সিলেটে একজনের মৃত্যু হয়েছে। বাকি ছয় বিভাগে কারও মৃত্যু হয়নি।
দেশে করোনা পরিস্থিতি প্রায় সাড়ে তিন মাস নিয়ন্ত্রণে থাকার পর গত ডিসেম্বরের শেষ দিকে সংক্রমণ বাড়তে শুরু করে। করোনার নতুন ধরন অমিক্রনের প্রভাবে দ্রুত বাড়তে থাকে রোগী শনাক্ত ও শনাক্তের হার। গত ৬ জানুয়ারি দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা হাজার ছাড়ায়। এর দুই সপ্তাহের মাথায় ২০ জানুয়ারি দৈনিক শনাক্ত ১০ হাজার ছাড়িয়ে যায়।
সংক্রমণ বৃদ্ধির ধারাবাহিকতায় দৈনিক রোগী শনাক্ত ১৫ হাজারের ওপরে উঠেছিল। ৩ ফেব্রুয়ারি পর্যন্ত তা ১০ হাজারের ওপরেই ছিল। এরপর নিয়মিতভাবে রোগী শনাক্ত ও শনাক্তের হার কমছে। দেশে করোনার সংক্রমণ কমায় আবার শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। তুলে নেওয়া হয়েছে বিধিনিষেধ।
দেশে করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট ১৯ লাখ ৪৭ হাজার ৭০২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৮ লাখ ৪৬ হাজার ৮৮৪ জন। মৃত্যু হয়েছে ২৯ হাজার ৮৯ জনের। সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৫৪৬ জন।