করোনা শনাক্ত ২২ জনের

করোনাভাইরাস
প্রতীকী ছবি

আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে ২২ জনের করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। এ সময় দেশে করোনায় কারও মৃত্যু হয়নি। এ নিয়ে টানা ২৭ দিন দেশে করোনায় কারও মৃত্যু হয়নি।

আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৫ হাজার ১ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার শূন্য দশমিক ৪৪। আগের দিন এ হার ছিল শূন্য দশমিক ৭৫।

গত ২৪ ঘণ্টায় দেশে যে ২২ জনের করোনা শনাক্ত হয়েছে, তাঁদের ১৭ জনই ঢাকা বিভাগের। এর বাইরে রাজশাহীতে দুজন এবং চট্টগ্রাম, খুলনা ও সিলেট বিভাগে একজন করে করোনা শনাক্ত হয়েছে। এ সময় ময়মনসিংহ, রংপুর ও বরিশাল বিভাগে কারও করোনা শনাক্ত হয়নি।

সংক্রমণের শুরু থেকে এখন পর্যন্ত দেশে ১৯ লাখ ৫৩ হাজার ১০৩ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৯ লাখ ১৩৮ জন। আর মৃত্যু হয়েছে ২৯ হাজার ১২৭ জনের।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয়। ওই বছরের ১৮ মার্চ করোনায় প্রথম একজনের মৃত্যুর খবর জানানো হয়।