
দেশে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনায় কারও মৃত্যু হয়নি। এ সময় ৫৯ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ৫৮ জনই ঢাকা বিভাগের।
আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় সারা দেশে ৫ হাজার ১৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১ দশমিক ১৫ শতাংশ। আগের দিন এ হার ছিল ১ দশমিক ১৮ শতাংশ। এ সময় শনাক্তের সংখ্যা ছিল ৫৮।
নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে ঢাকা বিভাগের ৫৮ জন ছাড়া চট্টগ্রামে ১ ব্যক্তির করোনা শনাক্ত হয়।
সংক্রমণের শুরু থেকে এখন পর্যন্ত দেশে ১৯ লাখ ৫৩ হাজার ৮৭১ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৪ হাজার ৯২০ জন। আর মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৩১ জনের।
দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয়। একই মাসের ১৮ তারিখে প্রথম একজনের মৃত্যুর খবর প্রকাশ করা হয়।