
খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৮ জন মারা গেছেন। একই সময়ে বিভাগে নতুন করে ১ হাজার ৩৭০ জনের নমুনা পরীক্ষায় ৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৬ দশমিক ৬৪ শতাংশ। আজ রোববার খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা গেছে।
এর আগের ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় ১ জনের মৃত্যু হয়েছিল এবং ১০৪ জনের করোনা শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ছিল ৯ দশমিক ৫২ শতাংশ। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় বিভাগে শনাক্ত ও শনাক্তের হার কমেছে। তবে মৃত্যুর সংখ্যা বেড়েছে।
গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে যশোরে ৪, খুলনায় ২, কুষ্টিয়া ও নড়াইলে ১ জন করে আছেন। এ নিয়ে বিভাগে করোনায় মারা গেছেন ৩ হাজার ৭৯ জন।
বিভাগের মধ্যে এখন পর্যন্ত খুলনা জেলায় সর্বোচ্চ ৭৮১ জনের করোনায় মৃত্যু হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ৭৪৯ জন মারা গেছেন কুষ্টিয়ায়। এ ছাড়া যশোরে ৪৮০, ঝিনাইদহে ২৬৪, চুয়াডাঙ্গায় ১৮৯, মেহেরপুরে ১৮০, বাগেরহাটে ১৪২, নড়াইলে ১১৬, মাগুরায় ৯০ ও সাতক্ষীরায় ৮৮ জন মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, বিভাগে নতুন শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে ঝিনাইদহে সর্বোচ্চ ২৩ জন আছেন। এ ছাড়া যশোরে ১৩, খুলনায় ১৬, নড়াইলে ১০, সাতক্ষীরায় ৪, মাগুরায় ৩, মেহেরপুরে ১ এবং বাগেরহাট, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ায় ৭ জন করে শনাক্ত হয়েছেন।
গত বছরের ১৯ মার্চ চুয়াডাঙ্গায় বিভাগে প্রথম করোনা রোগী শনাক্ত হন। বিভাগে এখন পর্যন্ত মোট ১ লাখ ১০ হাজার ৭৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের সংখ্যা বিবেচনায় জেলাগুলোর মধ্যে শীর্ষে আছে খুলনা। সেখানে ২৭ হাজার ৬২১ জনের করোনা শনাক্ত হয়েছে। সবচেয়ে কম ৪ হাজার ১১৩ জনের করোনা শনাক্ত হয়েছে মাগুরায়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ১০ জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্তের পর সুস্থ হয়েছেন ১ লাখ ২ হাজার ৫৩৮ জন। সুস্থতার হার ৯২ দশমিক ৫৯ শতাংশ। আজ সকাল পর্যন্ত বাসা ও হাসপাতাল মিলিয়ে বিভাগের ১০ জেলায় করোনায় আক্রান্ত রোগী আছেন ৫ হাজার ১২৩ জন। তাঁদের মধ্যে ৩০৪ জন বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ছাড়া বাকিরা বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।