
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও আট ব্যক্তির মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার সাড়ে ৬ শতাংশের বেশি।
আজ রোববার সকালে গণমাধ্যমে পাঠানো জেলা সিভিল সার্জন কার্যালয়ের করোনাসংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এ নিয়ে চট্টগ্রামে করোনায় সংক্রমিত হয়ে ৫৬৩ জন মারা গেলেন। চট্টগ্রামে এখন পর্যন্ত ৫১ হাজার ৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৯৭ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৭৪ জনের করোনা পজিটিভ আসে।
চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে শহরের ছয়জন, উপজেলার দুজন। তাঁরা সবাই চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
অন্যদিকে সর্বশেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামে যাঁদের করোনা শনাক্ত হয়েছে, তাঁদের মধ্যে শহরের ৫৫ জন। বিভিন্ন উপজেলার ১৯ জন।