চট্টগ্রামে নতুন শনাক্ত ৫৪৯, মৃত্যু ১

করোনাভাইরাস
প্রতীকী ছবি

চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ৫৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২১ দশমিক ৩২। একই সময় চট্টগ্রামে করোনায় সংক্রমিত হয়ে এক ব্যক্তি মারা গেছেন।

আজ বুধবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

চট্টগ্রামে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ২০ হাজার ৯৯২। মোট মারা গেছেন ১ হাজার ৩৫৯ জন।

গত ২৪ ঘণ্টায় জেলায় ২ হাজার ৫৭৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৩৭৬ জন। উপজেলার ১৭৩ জন। মারা যাওয়া ব্যক্তি নগরের বাসিন্দা।

আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২ হাজার ২৮৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৭২৯ জনের করোনা শনাক্ত হয়। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২৪। সেদিন চট্টগ্রামে করোনায় তিন ব্যক্তি মারা যান।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনার সংক্রমণ শনাক্তের ঘোষণা দেয় সরকার। চট্টগ্রামে ২০২০ সালের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। একই বছরের ৯ এপ্রিল করোনায় চট্টগ্রামে প্রথম কারও মৃত্যু হয়।

প্রায় দুই বছর ধরে চলা এই মহামারিতে দেশে সংক্রমণ চিত্রে কয়েক দফা ওঠানামা দেখা গেছে। এর মধ্যে পরিস্থিতি সবচেয়ে খারাপ আকার ধারণ করেছিল গত বছরের জুন-জুলাইয়ে।

গত বছরের আগস্টে সংক্রমণ কমতে শুরু করে। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণেও চলে আসে। তবে বিদায়ী বছরের শেষ দিকে আবার সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দেয়। জানুয়ারির মাঝামাঝি থেকে পরিস্থিতি দ্রুত বদলায়। নতুন রোগী ও শনাক্তের হার দ্রুত বাড়তে শুরু করে।

দেশে গত ডিসেম্বর মাসে সাড়ে ৯ হাজারের কম করোনা রোগী শনাক্ত হয়েছিল। জানুয়ারি মাসে করোনা শনাক্ত হয়েছে দুই লক্ষাধিক ব্যক্তির। এক মাসের ব্যবধানে করোনা রোগী বেড়েছে ২৩ গুণ। এ সময়ে করোনায় মৃত্যুও বেড়েছে সাড়ে তিন গুণ।

দেশে কিছুদিন ধরে যে হারে নতুন রোগী বাড়ছে, তাতে সংক্রমণের আগের সব রেকর্ড ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। সংক্রমণের চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, এই দফায় সংক্রমণ এখনো ঊর্ধ্বমুখী। কবে নাগাদ এটি সর্বোচ্চ চূড়ায় গিয়ে স্থিতিশীল হবে এবং এরপর আবার নিম্নমুখী হবে, তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।