চট্টগ্রামে করোনাভাইরাসের সংক্রমণ এক দিনে ২৮ শতাংশে পৌঁছেছে। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ৫৫০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে একই সময়ে নতুন করে কেউ মারা যায়নি। ৫ মাস ২ দিন পর এক দিনে করোনাভাইরাসে আক্রান্ত ৫০০ ছাড়াল।
আজ রোববার সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। সর্বমোট ১ হাজার ৯৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে ৫৫০ জনের করোনা শনাক্ত হয়।
স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া বলেন, করোনাভাইরাসে শনাক্ত একলাফে ৫০০ ছাড়িয়েছে। শনাক্ত হারও দ্বিগুণের বেশি হয়েছে। এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা হয়েছে ১ লাখ ৪ হাজার ৯৭৭। মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ৩৩৫।
গত বছরের ১৩ আগস্ট করোনায় এক দিনে ৬১৬ জন সংক্রমিত হয়েছিলেন। মারা গিয়েছিলেন ৮ জন। এর ৫ মাস ২ দিন পর এক দিনে আক্রান্ত ৫০০ ছাড়াল। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ছিল ২৭ দশমিক ৭৩। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৩৬২ ও উপজেলার ১৮৮ জন। এর আগের দিন গতকাল শনিবার নতুন শনাক্ত ছিল মাত্র ২৩৯ জন। সংক্রমণের হারও ছিল কম, ১২ দশমিক ২৯।
চট্টগ্রামে ২০২০ সালের ৩ এপ্রিল প্রথম করোনা শনাক্ত হয়। এরপর ওই বছরের ৯ এপ্রিল করোনায় প্রথম কেউ মারা যান।