
রাজধানীর মহাখালীতে ডিএনসিসির করোনা হাসপাতালে ভর্তি রোগীদের ৪৮ জনই নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন। হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন আজ শুক্রবার প্রথম আলোকে এ কথা জানিয়েছেন।
ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বলেন, এই মুহূর্তে ৫৮ জন রোগী ভর্তি আছেন। যাঁদের ৪৮ জনই আইসিইউতে আছেন। বাকি ১০ জন হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) আছেন।
ডিএনসিসির হাসপাতালে ভারত থেকে আসা দুজন রোগীও ভর্তি আছেন।
হাসপাতালের পরিচালক বলেন, দুজন নারী ভারত থেকে গত মাসের শেষে বাংলাদেশে আসেন। জ্বর থাকায় বাসায় থেকেই তাঁরা চিকিৎসা নেন। দুদিন আগে তাঁরা ডিএনসিসি হাসপাতালে আসেন। কিন্তু তাঁরা যে ভারত থেকে এসেছেন, তা হাসপাতাল কর্তৃপক্ষকে জানাননি। পরবর্তী সময়ে জানা যায়, এই দুই নারী ভারত থেকে এসেছেন। হাসপাতালে পরীক্ষা করার পর জানা যায়, দুজনেই করোনা পজিটিভ।
যেহেতু তাঁরা সম্প্রতি ভারত থেকে এসেছেন, তাই সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানকে (আইইডিসিআর) তাঁদের বিষয়ে জানানো হয়েছে। তাঁদের শরীরে করোনার ভারতীয় ধরন আছে কি না বা তাঁদের করোনার ধরন কোনটি, তা জানার জন্য আইইডিসিআর নমুনা নিয়ে গেছে। এই দুই নারীকে আলাদা করে চিকিৎসা দেওয়া হচ্ছে।