নরসিংদীতে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৪১ জনের করোনা শনাক্ত

করোনাভাইরাস
প্রতীকী ছবি

নরসিংদীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় এখন পর্যন্ত এটিই এক দিনে সর্বোচ্চ করোনা শনাক্তের রেকর্ড। এ নিয়ে এই জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৫ হাজার ২৮৬। আজ শুক্রবার বিকেলে নরসিংদীর সিভিল সার্জন মো. নূরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, জেলায় গত ২৪ ঘণ্টায় ৫৬০ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটিপিসিআর ল্যাবে ৪২৩ জনের নমুনা পরীক্ষায় ১০৪ জনের করোনা শনাক্ত হয়। অন্যদিকে  র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় ১৩৮ জনের নমুনার মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৩৭ জনের। নতুন করে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সদর উপজেলায় সর্বোচ্চ ৬৭ জন রয়েছেন।

এ ছাড়া পলাশে ৪৪ জন, রায়পুরায় ৯ জন, বেলাবতে ৩ জন, মনোহরদীতে ৬ জন ও শিবপুরে ১১ জন শনাক্ত হয়েছেন। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৫ দশমিক ১৭ শতাংশ।

তবে গতকাল বৃহস্পতিবার থেকে আজ পর্যন্ত জেলায় করোনায় কারও মৃত্যু হয়নি। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে জেলায় মোট ৬৫ জন মারা গেছেন। এর মধ্যে নরসিংদী সদরে ৩৩ জন, পলাশের ৬ জন, বেলাব ৭ জন, রায়পুরা ৮ জন, মনোহরদী ৪ জন ও শিবপুরে ৭ জন রয়েছেন।

জেলায় এখন পর্যন্ত মোট ৩২ হাজার ৬৭৮ জনের নমুনা পরীক্ষায় ৫ হাজার ২৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে। ৩ হাজার ১৬১ জন শনাক্ত নিয়ে জেলার মধ্যে শীর্ষে রয়েছে নরসিংদী সদর উপজেলা। এ ছাড়া শিবপুরে ৪৭১ জন, পলাশে ৮৫৮ জন, রায়পুরায় ২৮৩ জন, বেলাবতে ২৩৯ জন ও মনোহরদীতে ২৭৪ জন শনাক্ত হয়েছেন।

জেলা সিভিল সার্জন মো. নুরুল ইসলাম জানান, বর্তমানে জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৭২৬। এর মধ্যে কোভিড ডেডিকেটেড ১০০ শয্যাবিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালে ৪৮ জন চিকিৎসাধীন। এ ছাড়া নিজ বাড়িতে আইসোলেশনে আছেন ৫৭৮ জন।

তিনি বলেন, সম্প্রতি জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে। সংক্রমণ থেকে রক্ষা পেতে সবাইকে টিকা নেওয়ার ব্যাপারে আগ্রহী হতে হবে। অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করতে হবে এবং মাস্ক পরতে হবে। এ ছাড়া করোনার উপসর্গ দেখা দিলেই দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে করোনা পরীক্ষা করার পরামর্শ দেন তিনি।