ভারত থেকে আসা ১০ জনকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়
ছবি: সংগৃহীত

ভারতফেরত ১০ ব্যক্তিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে তাঁদের হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে তিনজনের করোনা উপসর্গ রয়েছে।              

বুধবার যশোরের বেনাপোল হয়ে বাংলাদেশে আসেন তাঁরা। তাঁদের প্রথমে যশোর বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক শীলাব্রত বড়ুয়া বলেন, আসা ব্যক্তিদের সাতজনকে কর্তব্যরত চিকিৎসক ২৯ নম্বর ওয়ার্ডের কেবিনে এবং বাকি তিনজনের শারীরিক অসুস্থতা থাকায় ১৬ নম্বর মেডিসিন ওয়ার্ডে ভর্তি করেছেন।

ওই ব্যক্তিরা ভারতে চিকিৎসার জন্য গিয়েছিলেন। এখন ভারতে সংক্রমণ বেড়ে যাওয়ায় সবার মেডিকেল পরীক্ষা ও কোয়ারেন্টিন বাধ্যতামূলক করা হয়।