
করোনা মহামারির কারণে গত দুই বছর দেশের মানুষ স্বতঃস্ফূর্ত আনন্দ নিয়ে ঈদ উদ্যাপন করতে পারেননি। এবার পারবেন। করোনা সংক্রমণ কমে আসার ফলে বহু মানুষ ঈদের ছুটিতে ঢাকাসহ বড় বড় শহর ছেড়ে গ্রামের বাড়িতে যাবেন। এই আনন্দযাত্রার আগে স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বিবেচনায় রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা।
প্রায় এক সপ্তাহ ধরে দেশের প্রায় অর্ধেক এলাকায় তীব্র দাবদাহ চলছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, এক সপ্তাহ ধরে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কম-বেশি দেখা গেছে। এই তীব্র গরমে লাখ লাখ মানুষ বিভিন্ন গন্তব্যে যাত্রা করবেন। এই যাত্রায় বয়স্ক মানুষ যেমন থাকবেন, থাকবে শিশুরা। কোনো কোনো অঞ্চলের মানুষকে দীর্ঘ সময় রাস্তায় থাকতে হবে। যানজটে পড়লে মানুষের কষ্ট বাড়বে। তাই যাত্রার আগেই প্রস্তুতির ওপর জোর দিয়েছেন চিকিৎসকেরা।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ বি এম আবদুল্লাহ প্রথম আলোকে বলেন, যাত্রাকালে ঢিলেঢালা কাপড় পরতে হবে। প্রয়োজনীয় খাবার ও পানি সঙ্গে নিতে হবে। রাস্তার খাবার খাওয়া ঠিক হবে না। বাসে বা ট্রেনে শিশুদের আসন জানালার কাছে রাখার চেষ্টা করতে হবে। গর্ভবতী নারীদের ব্যাপারে বিশেষ সতর্ক থাকতে হবে। সঙ্গে খাওয়ার স্যালাইনের প্যাকেট রাখারও পরামর্শ দিয়েছেন তিনি।
এদিকে ডায়রিয়ার প্রকোপ কিছুটা কমে আসার প্রবণতা লক্ষ করা গেলেও ঝুঁকি কমেনি। গত বুধবার আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) মহাখালী হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৮৩৭ জন রোগী। সারা দেশের সরকারি হাসপাতালে কম-বেশি ডায়রিয়ার রোগী ভর্তি হচ্ছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।
ডায়রিয়ার জন্য বাড়তি সতর্কতার কথা বলছেন বিশেষজ্ঞরা। এই সময় ডায়রিয়া থেকে দূরে থাকতে পাঁচ দফা পরামর্শ দিয়েছে আইসিডিডিআরবি: পানি ফুটিয়ে খেতে হবে, রাস্তার পাশের অস্বাস্থ্যকর ও উন্মুক্ত খাবার খাওয়া যাবে না, খাওয়ার আগে সাবান-পানি দিয়ে হাত ধুতে হবে, পায়খানা করার পর সাবান-পানি দিয়ে হাত ধুতে হবে এবং পারতপক্ষে ফিডারে শিশুকে কিছু খাওয়ানো যাবে না।
অনেকে স্বাস্থ্যবিধি মানেন না, অনেকে জানেন না। তাই ডায়রিয়ার ঝুঁকি থেকেই যাচ্ছে। এ সময় ঢাকায় থেকে বা গ্রামের বাড়িতে গিয়ে ডায়রিয়ায় আক্রান্ত হলে কী করতে হবে, তারও পরামর্শ দিয়েছে আইসিডিডিআরবি। তারা বলেছে, ডায়রিয়ায় আক্রান্ত হলে এক প্যাকেট স্যালাইন আধা লিটার পানিতে গুলিয়ে খেতে হবে। ১০ বছরের বেশি বয়সীর ডায়রিয়া হলে প্রতিবার পায়খানার পর এক গ্লাস (২৫০ মিলি) স্যালাইন খাওয়াতে হবে। শিশুদের ডায়রিয়া হলে প্রতিবার পায়খানার পর শিশুর যত কেজি ওজন, তত চা-চামচ স্যালাইন খাওয়াতে হবে। শিশু বমি করলে ধীরে ধীরে খাওয়াতে হবে। রোগীকে স্যালাইনের পাশাপাশি স্বাভাবিক খাবার খেতে দিতে হবে। রোগীকে কোমল পানীয়, ফলের জুস, আঙুর, বেদানা খাওয়ানো যাবে না। রোগীর অবস্থার উন্নতি না হলে হাসপাতালে নিতে হবে বা চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
এবার প্রায় করোনামুক্ত পরিবেশে ঈদের উৎসব হলেও ঝুঁকি একেবারে শেষ হয়ে যায়নি। ঈদযাত্রায় বাস, ট্রেন ও লঞ্চে অনেক ভিড় থাকবে। এই ভিড়ে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হবে না। তবে মাস্ক পরা সম্ভব। অধ্যাপক এ বি এম আবদুল্লাহ বলেন, এই সময় মাস্কই সুরক্ষা দেবে।