বিশেষ সাক্ষাৎকার: অধ্যাপক সারা গিলবার্ট

টিকাদানের দ্বিতীয় পর্যায়ের কাজ এখনো বাকি

অধ্যাপক ডেম সারা গিলবার্ট অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকা প্রকল্পের প্রধান। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের জেনার ইনস্টিটিউটের টিকাবিজ্ঞানের অধ্যাপক। নতুন টিকা উদ্ভাবন ও উৎকর্ষে তাঁর রয়েছে ২৫ বছরের বেশি অভিজ্ঞতা। তিনি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকা উদ্ভাবনে যুক্ত বিজ্ঞানী দলের অন্যতম সদস্য। মহামারিকালে টিকা উদ্ভাবনের ব্যস্ততম সময়ে তিনি ও বিজ্ঞানী ক্যাথরিন গ্রিন মিলে লিখেছেন ভ্যাক্সারস: দ্য ইনসাইড স্টোরি অব দ্য অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন অ্যান্ড দ্য রেস এগেইনস্ট দ্য ভাইরাস। এবারের ঢাকা লিট ফেস্টে এই টিকাবিজ্ঞানী সারা গিলবার্ট এসেছেন। গতকাল শুক্রবার নির্ধারিত আলোচনার বাইরে তিনি কথা বলেছেন প্রথম আলোর সঙ্গে। তাঁর সাক্ষাৎকার নিয়েছেন প্রথম আলোর বিশেষ প্রতিনিধি শিশির মোড়ল

প্রথম আলোর সঙ্গে সাক্ষাৎকারে ডেম সারা গিলবার্ট। গতকাল বাংলা একাডেমিতে
দীপু মালাকার
প্রশ্ন

২০২১ সালের জুনে ল্যানসেট–এ আপনাদের বইটি সম্পর্কে পড়েছিলাম। সেপ্টেম্বরে লন্ডন থেকে বইটি এনে দেন বই ব্যবসায়ী এক বন্ধু। বইটি সারা বিশ্বে সমাদৃত। আপনার কি ধারণা আছে কত কপি বই বিক্রি হয়েছে। ছিলেন প্রথিতযশা বিজ্ঞানী, এখন নামী লেখক—কোন পরিচয়টা বেশি পছন্দের?

সারা গিলবার্ট: বইটি সম্পর্কে আপনার অভিজ্ঞতা জেনে ভালো লাগল। বইটি বিশেষ সময়ে লেখা, যখন আমরা প্রচণ্ড কাজের চাপের মধ্যে ছিলাম। তবে সারা বিশ্বে কী পরিমাণে বইটি বিক্রি হচ্ছে বা হয়েছে, সে বিষয়ে আমার কোনো ধারণা নেই। বইটি লিখেছি একধরনের আমোদ থেকে। 

প্রশিক্ষণ ও চর্চার মধ্য দিয়ে আমি বিজ্ঞানী। আমি ও আমার সহকর্মী ক্যাথরিন গ্রিন বইটা লিখেছি মানুষের কাছে বিজ্ঞান ব্যাখ্যা করার জন্য, যেন সাধারণ মানুষ বুঝতে পারে আমরা আসলে কী করেছি। আমরা পেছনের গল্পটা বলার চেষ্টা করেছি। বইয়ের লেখকের চেয়ে বিজ্ঞানী পরিচয়ই আমার বেশি পছন্দের। বিজ্ঞানী পরিচয়ই আমার জন্য ভালো।

প্রশ্ন

আপনারা বলেছেন, টিকা উদ্ভাবন ছিল একটি প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা অন্যান্য টিকা উদ্ভাবনের সঙ্গে জড়িত বিজ্ঞানীদের সঙ্গে ছিল না। এটা ছিল ভাইরাসের বিরুদ্ধে প্রতিযোগিতা। সেই দৌড়ে কি বিজয়ী হয়েছেন?

সারা গিলবার্ট: দৌড় বা প্রতিযোগিতার প্রথম পর্যায়টি ছিল টিকা দেওয়ার অনুমতি বা লাইসেন্স পাওয়া। দ্রুততম সময়ে মানুষকে টিকা দিতে পারা। সেটা হয়েছে। তবে কাজ এখনো শেষ হয়নি। এই টিকা বিশ্বের সব মানুষের কাছে যাক, সম্ভাব্য বেশি মানুষ টিকার আওতায় আসুক—এটাই দ্বিতীয় পর্যায়ের প্রতিযোগিতা। টিকাদানের দ্বিতীয় পর্যায়ের কাজ এখনো বাকি। আমি এখন এই কাজের সঙ্গে যুক্ত আছি।

প্রশ্ন

অনেক মানুষ এখনো টিকা পায়নি। সরবরাহের কমতি, নাকি উচ্চ মূল্য, নাকি পরিকল্পনার ঘাটতির কারণে অনেক দেশ তার নাগরিকদের এখনো টিকা দিতে পারেনি?

সারা গিলবার্ট: না, টিকার কোনো ঘাটতি নেই। বিশ্বের কিছু দেশে এই টিকা দেওয়া মুশকিল। কারণ, কিছু দেশে বয়স্কদের টিকা দেওয়ার কোনো কর্মসূচি নেই। অনেক দেশের খুব ভালো শিশু টিকাদান কর্মসূচি আছে, কিন্তু সেসব দেশের প্রাপ্তবয়স্কদের টিকা দেওয়ার ব্যবস্থাই ছিল না। সুতরাং এটা হঠাৎ মহামারির মধ্যে প্রয়োজনের মুহূর্তে কাজটি করা খুবই কঠিন। এটি সবাইকে টিকাদানের আওতায় আনার বাধাগুলোর একটি। আবার কিছু দেশের টিকা দেওয়ার মতো প্রয়োজনীয় সম্পদেরও ঘাটতি আছে।

প্রশ্ন

আপনাদের বইয়ে ‘বিশ্বের জন্য টিকা’ উদ্ভাবনের কথা বলা আছে। সেটা কি হয়েছে?

সারা গিলবার্ট: বলা যায় সেটা হয়েছে। অনেক মানুষ টিকা পেয়েছে। অনেক দেশের অনেক মানুষ এখন টিকার আওতায়। তবে আরও মানুষ টিকার আওতায় আসা দরকার। 

প্রশ্ন

আপনি টিকায় বিশ্বাসী। বিশ্বের অনেকেরই টিকায় বিশ্বাস নেই। ভয় আছে, সন্দেহ আছে। আপনার কি মনে হয় না যে মহামারির কারণে, বিশ্বব্যাপী টিকাকরণের কারণে সেই ভয়-সন্দেহ অনেকটাই কমে গেছে বা যাবে?

সারা গিলবার্ট: অনেকেরই টিকা গ্রহণ করার ব্যাপারে দ্বিমত আছে। একটি কারণ ভয়, অন্যটি সন্দেহ। অনেক টিকা প্রয়োগ করতে হয় সুইয়ের মাধ্যমে। এটা অনেকের কাছে যন্ত্রণার। কিছু ক্ষেত্রে পার্শ্বপ্রতিক্রিয়ার সমস্যা আছে।

অন্য বিষয়টি হচ্ছে, ওষুধ দেওয়া হয় অসুস্থ মানুষকে, টিকা দেওয়া হয় সুস্থ মানুষকে। কে অসুস্থ হবে না হবে, তার কোনো নিশ্চয়তা না থাকলেও সবাইকে টিকা নিতে হয়। এ ব্যাপারে অনেকেই যুক্তি দাঁড় করানোর চেষ্টা করেন।

আর একটি সন্দেহের কথা শোনা গেছে। কিছু ব্যক্তি বলার চেষ্টা করেছেন, টিকার মধ্যে মাইক্রো চিপস ঢুকিয়ে দেওয়া হয়েছে। এটি কী করে সম্ভব বা আদৌ সম্ভব কি না, তা আমার মাথায় এখনো ঢোকেনি। মহামারির সময় অনেকে সন্দেহ বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। টিকায় কী আছে, আমরা বইয়ে তা বলেছি।

তবে এই মহামারির সময়ে টিকা নিয়ে মানুষের মনোভাবের ইতিবাচক পরিবর্তন হয়েছে। আরও বেশি মানুষের টিকার ওপর আস্থা জন্মেছে। টিকার ব্যাপারে অনেকের সন্দেহ দূর হয়েছে। দ্বিধা ভুলে বহু মানুষ টিকা নিয়েছে, টিকার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে।

প্রশ্ন

বেশ কিছু ষড়যন্ত্র তত্ত্বের কথা শোনা গেছে। এর মধ্যে একটি ছিল, করোনাভাইরাসটি ল্যাবে তৈরি।

সারা গিলবার্ট: না, আমি এটা বিশ্বাস করি না।

প্রশ্ন

আপনি কি কখনো জীবন্ত ভাইরাস অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে নিজের চোখে দেখেছেন?

সারা গিলবার্ট: এটা দেখা সম্ভব। শক্তিশালী অণুবীক্ষণ (ইলেকট্রো মাইক্রোস্কোপ) যন্ত্র দিয়ে এটা দেখা যায়। আমি এখনো জীবন্ত করোনাভাইরাস দেখিনি। তবে আমার এটি দেখে নেওয়া দরকার।

প্রশ্ন

বাংলাদেশের মতো অনেক দেশের মানুষ টিকার সুবিধা নিয়েছে। কিন্তু সুযোগ থাকলেও তারা করোনা টিকার পরীক্ষায় বা ক্লিনিক্যাল ট্রায়াল করেনি বা অংশ নেয়নি। এ ব্যাপারে আপনার বক্তব্য কী?

সারা গিলবার্ট: অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা আমরা বেশ কয়েকটি দেশে ক্লিনিক্যাল ট্রায়াল দিয়েছি। একাধিক ভৌগোলিক অঞ্চলে বেশি জনগোষ্ঠীর মধ্যে ট্রায়াল হলে টিকার কার্যকারিতা সম্পর্কে ভালো ধারণা পাওয়া যায়।

আমরা ট্রায়াল শুরু করেছিলাম যুক্তরাজ্যে। তারপর আমরা ব্রাজিল, ব্রাজিলের পর দক্ষিণ আফ্রিকায় ট্রায়াল করি। এরপর জাপানে, ভারতে। একটি ট্রায়াল করেছি যুক্তরাষ্ট্রে।

প্রশ্ন

আবার সময় আসবে অর্থাৎ আবারও মহামারি দেখা দেওয়ার ঝুঁকি আছে। আপনারা বিজ্ঞানীরা সেই মহামারি মোকাবিলার জন্য কতটা প্রস্তুত?

সারা গিলবার্ট: এই মহামারি থেকে সারা বিশ্ব শিক্ষা নিয়েছে। বিজ্ঞানীরা শিক্ষা নিয়েছেন। আমাদের টিকাবিজ্ঞানীদেরও অভিজ্ঞতা হয়েছে। সেই অভিজ্ঞতা অবশ্যই মূল্যবান এবং আমরা তা কাজে লাগাব।

একটি অভিজ্ঞতা হচ্ছে, টিকার বিরাট মজুত গড়ে তোলা দরকার। মজুত গড়ে তোলার সক্ষমতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া উচিত।

মহামারির পূর্বাভাস পাওয়া মাত্রই আমরা কাজে নেমে পড়েছিলাম এবং ইতিহাসের স্বল্পতম সময়ে টিকা উদ্ভাবনে সফল হই। এটি অনেক বড় ঘটনা।

বিজ্ঞানীরা তৈরি আছেন, আমাদের প্রস্তুতি আছে। নতুন কোনো ভাইরাসের আবির্ভাব ঘটলে, মহামারির পূর্বাভাস পেলে আমরা আরও কম সময়ে নতুন টিকা তৈরি করতে পারব। সেই সক্ষমতা, অভিজ্ঞতা বিজ্ঞানীরা অর্জন করেছেন।

প্রশ্ন

করোনা মহামারি শুরুর পর গত তিন বছরে আপনার বা আপনাদের দলের কি কোনো ‘ইউরেকা মুহূর্ত’ ছিল?

সারা গিলবার্ট: না, আমার বা আমার দলের কোনো ‘ইউরেকা মুহূর্ত’ ছিল না।

ইউরেকা মুহূর্ত তখনই আসে, যখন একেবারে নতুন কোনো আবিষ্কারের ঘটনা ঘটে। করোনা টিকার ক্ষেত্রে সেটা ঘটেনি। আমরা বা অন্য বিজ্ঞানীরা নতুন কোনো টিকা আবিষ্কার করেননি। আমরা টিকার প্রযুক্তি বোঝার চেষ্টা করেছি, পরীক্ষা-নিরীক্ষা বুঝে উঠতে চেয়েছি, তথ্য-উপাত্ত তৈরি করেছি। আমরা আসলে দেখার চেষ্টা করেছি, টিকা ব্যবহার করা যায় কি না। এভাবেই করোনার টিকার উদ্ভাবন।

প্রশ্ন

এখন কেন চীনে বহু মানুষ নতুন করে আক্রান্ত হচ্ছে?

সারা গিলবার্ট: চীনে নতুন করে ব্যাপক হারে সংক্রমণ বেড়ে যাওয়ার একটি বড় কারণ হয়তো এই যে চীনের টিকাগুলো তুলনামূলকভাবে কম কার্যকর। নতুন যে উপধরনে চীনের মানুষ এখন আক্রান্ত হচ্ছে, সেই উপধরনের বিরুদ্ধে চীনে ব্যবহৃত টিকা কম কার্যকর।

অন্য আরও একটি কারণ আছে। টিকা ও মাঝারি ধরনের সংক্রমিত হওয়া—এই দুই কারণ যুক্ত হয়ে অনেক অঞ্চলে সংক্রমণ কমেছে। চীনে সেটি ঘটেনি।

প্রশ্ন

ব্যস্ততার মধ্যে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

সারা গিলবার্ট: আপনাকেও ধন্যবাদ।