
দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) করোনাভাইরাসে কারও মৃত্যু হয়নি। এ সময়ে করোনা শনাক্ত হয়েছে ১৯ জনের।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২ হাজার ৮৮০টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার শূন্য দশমিক ৬৬। আগের দিন শনাক্তের হার ছিল ১ দশমিক ২২।
সর্বশেষ ২৪ ঘণ্টায় যে ১৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন, তাঁদের মধ্যে মহানগরসহ ঢাকা জেলাতেই আক্রান্ত হয়েছেন ৮ জন।
দেশে এখন পর্যন্ত ২০ লাখ ৩৬ হাজার ৩২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৪ হাজার ৪৮৬ জন। এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২৯ হাজার ৪৩০ জন।
দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর পর থেকে এ পর্যন্ত দেশে সংক্রমণের চিত্রে কয়েক দফা ওঠানামা দেখা গেছে। গত বছরের শেষ দিক থেকে চলতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত করোনার অমিক্রন ধরনের দাপট চলে। পরে ধীরে ধীরে তা কমতে থাকে।