
দেশে করোনায় সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার সকাল আটটা থেকে আজ শুক্রবার সকাল আটটা পর্যন্ত) করোনায় দুজনের মৃত্যু হয়েছে। এর আগের তিন দিনে একজন করে মৃত্যু হয়। সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২১৮ জনের। আগের দিন করোনা শনাক্ত হয়েছিল ২১৪ জনের।
আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৫৮৫ জনের নমুনা পরীক্ষা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৭৫। আগের দিন এ হার ছিল ৪ দশমিক ৪৫।
গত ২৪ ঘণ্টায় করোনায় যে দুজনের মৃত্যু হয়েছে, তাঁরা চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের বাসিন্দ। দুজনেরই মৃত্যু হয়েছে সরকারি হাসপাতালে।
এখন পর্যন্ত দেশে ২০ লাখ ৮ হাজার ৫০০ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫০ হাজার ৩৮৭ জন। এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২৯ হাজার ৩১২ জন।
বাংলাদেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর পর থেকে এখন পর্যন্ত দেশে করোনা সংক্রমণের চিত্র কয়েক দফা ওঠানামা করতে দেখা গেছে। গত বছরের শেষ দিক থেকে গত ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত করোনার অমিক্রন ধরনের দাপট চলে। এরপর সংক্রমণ কমতে থাকে। গত জুন মাস থেকে করোনার সংক্রমণ আবার বাড়তে থাকে।