দেশে ২৪ ঘণ্টায় ১০ জনের করোনা শনাক্ত

করোনা রোগী শনাক্ত হচ্ছে
ফাইল ছবি

দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় দেশে করোনায় আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি। আগের দিন দেশে ২২ জনের করোনা শনাক্ত হয়। ওই দিনও করোনায় কারও মৃত্যু হয়নি।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, নতুন যে ১০ জনের করোনা শনাক্ত হয়েছে, তাঁদের মধ্যে ঢাকা বিভাগের ৮ জন। বাকি দুজন চট্টগ্রাম বিভাগের।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে ২ হাজার ৫৯৬টি নমুনা পরীক্ষা করা হয়। এর বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৩৯। আগের দিন এই হার ছিল শূন্য দশমিক ৪৬।

দেশে এখন পর্যন্ত ২০ লাখ ৩৭ হাজার ২৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ১০৯ জনসহ সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৮ হাজার ৩৭০ জন। আর দেশে করোনায় মারা গেছেন ২৯ হাজার ৪৪০ জন।

দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর পর থেকে এ পর্যন্ত দেশে সংক্রমণের চিত্রে কয়েক দফা ওঠানামা দেখা গেছে।