
দেশে পাঁচ দিন পর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক রোগী মারা গেছেন। তিনি সিলেটের বাসিন্দা। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত) ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগে গত বুধবার করোনায় একজনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে ২ হাজার ২২ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার শূন্য দশমিক ৪৫।
সর্বশেষ ২৪ ঘণ্টায় যে নয়জনের করোনা শনাক্ত হয়েছে, তাঁদের মধ্যে ছয়জন ঢাকার। বাকি তিনজন সিলেটের বাসিন্দা।
এখন পর্যন্ত দেশে ২০ লাখ ৩৭ হাজার ৬৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ৩৩৩ জনসহ সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯৭ হাজার ৫০৪ জন। আর মারা গেছেন ২৯ হাজার ৪৪৫ জন।
চলতি বছরের জানুয়ারি মাসে দেশে ৪৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের মার্চ মাসে। ওই মাসে করোনা শনাক্ত হয়েছিল ৫১ জনের। করোনার সংক্রমণ শুরুর পর কোনো এক মাসে শনাক্তের সংখ্যা সেটিই ছিল সর্বনিম্ন। আর গত জানুয়ারি মাসে শনাক্তের সংখ্যা দ্বিতীয় সর্বনিম্ন।