
দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত) ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় দেশে করোনায় আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি। আগের দিন দেশে ৩১ জনের করোনা শনাক্ত হয়। ওই দিনও করোনায় কারও মৃত্যু হয়নি।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, নতুন যে ২১ জনের করোনা শনাক্ত হয়েছে, তাঁদের মধ্যে ঢাকা বিভাগের ১৭ জন। বাকিদের মধ্যে দুজন রাজশাহী, একজন ময়মনসিংহ ও একজন সিলেট বিভাগের বাসিন্দা।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে ৩ হাজার ৪০৪টি নমুনা পরীক্ষা করা হয়। এর বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৬২। আগের দিন এ হার ছিল শূন্য দশমিক ৭৪।
দেশে এখন পর্যন্ত ২০ লাখ ৩৭ হাজার ২০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ১১২ জনসহ সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৮ হাজার ১৪২ জন। আর দেশে করোনায় মারা গেছেন ২৯ হাজার ৪৪০ জন।
দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর পর থেকে এ পর্যন্ত দেশে সংক্রমণের চিত্রে কয়েক দফা ওঠানামা দেখা গেছে।