করোনায় একজনের মৃত্যু, শনাক্তের হার ৪-এর নিচে

করোনায় মৃত্যু
ফাইল ছবি: প্রথম আলো

দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) করোনায় একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে করোনা শনাক্ত হয়েছে ১৩৭ জনের। আগের দিন করোনায় কারও মৃত্যু হয়নি। করোনা শনাক্ত হয়েছিল ১৯৬ জনের।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৩ হাজার ৮০৪টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৩ দশমিক ৬০। আগের দিন শনাক্তের হার ছিল ৫ দশমিক শূন্য ১।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এখন পর্যন্ত দেশে ২০ লাখ ৩৪ হাজার ৮৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭৯ হাজার ৩৪৩ জন। এ পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ৪১৭ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় যাঁর মৃত্যু হয়েছে, তিনি ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।
দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর পর থেকে এ পর্যন্ত দেশে সংক্রমণের চিত্রে কয়েক দফা ওঠানামা দেখা গেছে। গত বছরের শেষ দিক থেকে চলতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝিতে করোনার অমিক্রন ধরনের দাপট চলে। পরে ধীরে ধীরে তা কমতে থাকে।