
দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) করোনায় কারও মৃত্যু হয়নি। এ সময়ে করোনা শনাক্ত হয়েছে ৮ জনের। এর আগের ২৪ ঘণ্টায় দেশে ১৬ জনের করোনা শনাক্ত হয়েছিল। ওই সময়ও দেশে করোনায় আক্রান্ত কেউ মারা যাননি।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে করোনা পরিস্থিতির হালনাগাদ এ তথ্য জানানো হয়েছে। শেষ ২৪ ঘণ্টায় দেশে ২ হাজার ১৭৯টি নমুনা পরীক্ষা করা হয়। এর বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৩৭। আগের দিন এ হার ছিল শূন্য দশমিক ৬২।
সংবাদ বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্যানুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৮ জনের মধ্যে ৩ জন ঢাকা, চারজন চট্টগ্রাম ও একজন রাজশাহী বিভাগের।
দেশে এখন পর্যন্ত ২০ লাখ ৩৭ হাজার ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪৩৮ জন। গত ২৪ ঘণ্টায় ৬৮ জনসহ এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৭ হাজার ১৫৮ জন।
দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর পর থেকে এ পর্যন্ত দেশে সংক্রমণের চিত্রে কয়েক দফা ওঠানামা দেখা গেছে। গত বছরের শেষ দিক থেকে চলতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত করোনার অমিক্রন ধরনের দাপট চলে। পরে ধীরে ধীরে তা কমতে থাকে।