
দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার সকাল আটটা থেকে আজ শুক্রবার সকাল আটটা পর্যন্ত) ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ১৫ জনই ঢাকার। বাকি একজন বরিশালের। এ সময় দেশে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। আগের দিন দেশে ১৫ জনের করোনা শনাক্ত হয়। এ সময়ও দেশে করোনায় কারও মৃত্যু হয়নি।
আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে ২ হাজার ৫৩১টি নমুনা পরীক্ষা করা হয়। এর বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৬৩। আগের দিন এ হার ছিল শূন্য দশমিক ৪৪।
দেশে এখন পর্যন্ত ২০ লাখ ৩৬ হাজার ৮৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪৩৭ জন। সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৬ হাজার ৬৭০ জন।
দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর পর থেকে এ পর্যন্ত দেশে সংক্রমণের চিত্রে কয়েক দফা ওঠানামা দেখা গেছে। গত বছরের শেষ দিক থেকে চলতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত করোনার অমিক্রন ধরনের দাপট চলে। পরে ধীরে ধীরে তা কমতে থাকে।