
দেশে করোনায় সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত) আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। তবে এই সময়ে শনাক্ত হয়েছেন ১৭ জন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে করোনা পরিস্থিতির এ হালনাগাদ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন সংক্রমিত ব্যক্তিদের মধ্যে ১৬ জন ঢাকা বিভাগের ও একজন রাজশাহীর বাসিন্দা। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে ২ হাজার ৬১২টি নমুনা পরীক্ষা করা হয়। এর বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৬৫। আগের দিন এ হার ছিল শূন্য দশমিক ৮৩।
দেশে এখন পর্যন্ত ২০ লাখ ৩৬ হাজার ৯২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪৩৮ জন। সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৬ হাজার ৭৯৪।
দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর পর থেকে এ পর্যন্ত দেশে সংক্রমণের চিত্রে কয়েক দফা ওঠানামা দেখা গেছে। গত বছরের শেষ দিক থেকে চলতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত করোনার অমিক্রন ধরনের দাপট চলে। পরে ধীরে ধীরে তা কমতে থাকে।