১৭ দিন পর করোনায় একজনের মৃত্যু

করোনায় মৃত্যু
ফাইল ছবি

দেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ১৭ দিন পর সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল আটটা থেকে আজ শনিবার সকাল আটটা পর্যন্ত) একজনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা শনাক্ত হয়েছে ১০ জনের। আগের দিন ১২ জনের এ ভাইরাস শনাক্ত হয়েছিল।  

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানিয়ে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে ২ হাজার ১৫৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হওয়া ১০ জনের মধ্যে ৮ জন রাজশাহী বিভাগের ও ২ জন ঢাকা বিভাগের। করোনা শনাক্তের হার শূন্য দশমিক ৪৬ শতাংশ। আগের ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার ছিল শূন্য দশমিক ৮৫।

দেশে এখন পর্যন্ত ২০ লাখ ৩৭ হাজার ৫১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ২১৫ জনসহ সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯২ হাজার ২২৪ জন। আর মারা গেছেন ২৯ হাজার ৪৪২ জন।

দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর পর থেকে এ পর্যন্ত দেশে সংক্রমণের চিত্রে কয়েক দফা ওঠানামা দেখা গেছে।