করোনায় মৃত্যু ১, শনাক্ত ১৪

করোনায় মৃত্যু
ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা) করোনায় আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু ও শনাক্ত হয়েছেন ১৪ জন। তাঁদের মধ্যে ১৩ জন ঢাকা বিভাগের, ১ জন সিলেটের এবং মারা যাওয়া ব্যক্তিও সিলেটের।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে করোনা পরিস্থিতির এ তথ্য জানানো হয়।

সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে ১ হাজার ৬৯৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৮৩। আগের দিন এ হার ছিল শূন্য দশমিক ৬৩।

দেশে এখন পর্যন্ত ২০ লাখ ৩৬ হাজার ৯১১ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪৩৮ জন। সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৬ হাজার ৭৩০।

দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর পর থেকে এ পর্যন্ত দেশে সংক্রমণের চিত্রে কয়েক দফা ওঠানামা দেখা গেছে। গত বছরের শেষ দিক থেকে চলতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত করোনার অমিক্রন ধরনের দাপট চলে। পরে ধীরে ধীরে তা কমতে থাকে।