রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন ইনকিলাব মঞ্চের নেতা–কর্মীরা। আজ শুক্রবার বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের সড়কে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর শাহবাগে সমবেত হন তাঁরা
রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন ইনকিলাব মঞ্চের নেতা–কর্মীরা। আজ শুক্রবার বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের সড়কে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর শাহবাগে সমবেত হন তাঁরা

পুলিশের সঙ্গে সংঘর্ষের পর শাহবাগে বিক্ষোভ করছেন ইনকিলাব মঞ্চের নেতা–কর্মীরা

রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনের সড়কে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন ইনকিলাব মঞ্চের নেতা–কর্মীরা। আজ শুক্রবার বিকেলে সংঘর্ষের পর সন্ধ্যায় শাহবাগে অবস্থান নেন তাঁরা। এতে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। তবে বারডেম হাসপাতালের পাশ দিয়ে মৎস্য ভবনের দিকে রাস্তা খোলা রয়েছে।

জাতিসংঘের অধীনে শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এবং ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে দুই ভাগে ভাগ হয়ে অবস্থান কর্মসূচি পালন করছিলেন ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা। এ জন্য ইন্টারকন্টিনেন্টাল মোড়ের সামনে ব্যারিকেড দিয়ে রেখেছিল পুলিশ।

রাজধানীর শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীদের বিক্ষোভে যোগ দিয়েছেন ঢাকা-৮ আসনে ১১–দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। আজ শুক্রবার বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের সড়কে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর শাহবাগে সমবেত হন তাঁরা

আজ বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমাসহ কয়েকজন ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে যমুনার সামনে যেতে চাইলে তাঁদের বাধা দেয় পুলিশ। একপর্যায়ে পুলিশের পক্ষ থেকে যমুনার দিকে যাওয়ার অনুমতি দেওয়া হলেও পথে তাঁদের মারধর করা হয়েছে অভিযোগ করে ফিরে আসেন তাঁরা।

এ ঘটনার পর ইন্টারকন্টিনেন্টালের সামনে থাকা ইনকিলাব মঞ্চের লোকজন ব্যারিকেড ভেঙে যমুনার দিকে যেতে চাইলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। পুলিশ প্রথমে তাঁদের ওপর জলকামান থেকে পানি ছোড়ে। পরে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ এবং লাঠিচার্জ করে। এ সময় ইনকিলাব মঞ্চের নেতা–কর্মীরা পুলিশের দিকে বোতল ও ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। এ ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের, মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র ও ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমাসহ অনেকে আহত হন।

রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন ইনকিলাব মঞ্চের নেতা–কর্মীরা। আজ শুক্রবার বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের সড়কে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর শাহবাগে সমবেত হন তাঁরা

এ ঘটনায় আহত হয়ে অর্ধশতাধিক ব্যক্তি ঢাকা মেডিকল কলেজ হাসপাতালে যান বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি সাংবাদিকদের বলেন, ‘আহত ব্যক্তিদের মধ্যে কোনো গুলির রোগী পাওয়া যায়নি। যাঁরা আহত হয়ে এসেছেন, তাঁদের জরুরি বিভাগে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। অনেকে চিকিৎসা নিয়ে চলে গেছেন। আহত ব্যক্তিদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের জখম রয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে বেশির ভাগ রোগীর জখম ফেটে যাওয়া, থেঁতলে যাওয়া। এখন পর্যন্ত ভর্তি দেওয়ার মতো রোগী পাওয়া যায়নি।’

পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ইনকিলাব মঞ্চের নেতা–কর্মীরা ছত্রভঙ্গ হয়ে শাহবাগ, বাংলামোটর ও পরীবাগের দিকে চলে যান। থেমে থেমে প্রায় এক ঘণ্টা ধরে এসব এলাকায় পুলিশের সঙ্গে ইনকিলাব মঞ্চের নেতা–কর্মীদের সংঘর্ষ হয়। পরে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে তাঁরা শাহবাগে এসে আবার জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। ঢাকা-৮ আসনে ১১–দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ হাজারখানেক বিক্ষোভকারী এতে অংশ নিয়েছেন।

সরেজমিনে দেখা যায়, শাহবাগ মোড়ের মাঝখানে বসে বিক্ষোভ করছেন ইনকিলাব মঞ্চের নেতা–কর্মীরা। তাঁরা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘বিচার, বিচার, বিচার চাই, হাদি হত্যার বিচার চাই’, ‘আমার ভাইয়ের ওপর হামলা কেন, জাহাঙ্গীর জবাব চাই’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস জাস্টিস’ প্রভৃতি স্লোগান দিচ্ছেন।