যুব উন্নয়ন অধিদপ্তর

‘ঢাল নেই তলোয়ার নেই’ ৬৫০০ ফ্রিল্যান্সার বানাতে তোড়জোড়

বগুড়ায় ‘লার্নিং অ্যান্ড আর্নিং’ মেলায় ফ্রিল্যান্সিংয়ে উৎসাহীদের ভিড়
 ফাইল ছবি

ফ্রিল্যান্সার বানাতে শিক্ষাক্রম ও অবকাঠামোগত সুবিধা না থাকার কথা যুব উন্নয়ন অধিদপ্তর নিজেরাই স্বীকার করেছে। বলছে, তাদের কম্পিউটার, স্মার্টফোন, হাইস্পিড নেটওয়ার্ক নেই। যোগ্য প্রশিক্ষণার্থীদের বাছাই করার অভিজ্ঞতা নেই। তারপরও তারা দেশের সাড়ে ছয় হাজার তরুণকে ফ্রিল্যান্সার বানাতে চায়।

‘ঢাল–তলোয়ার’ ছাড়াই এমন উদ্যোগের জন্য যুব উন্নয়ন হাতে নিয়েছে ৪৭ কোটি টাকা ব্যয়ের একটি প্রকল্প। সরকারি তহবিল থেকে এ টাকা বরাদ্দ চেয়েছে তারা। প্রকল্পটি অনুমোদনের প্রক্রিয়া শুরু করতে পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে।

তবে যুব উন্নয়নের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে পরিকল্পনা কমিশন। ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত দিয়েছে পরিকল্পনা কমিশন। বিষয়টি তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে। পরামর্শ নিতে দুটি প্রতিষ্ঠান ঠিক করে দিয়ে প্রকল্পটি ফেরত পাঠানো হয়েছে।

যেভাবে ফ্রিল্যান্সার বানাতে চায় যুব উন্নয়ন

যুব উন্নয়ন অধিদপ্তর বলছে, তারা দেশের ১৬ জেলায় ৬ হাজার ৫০০ তরুণ–যুবাকে ফ্রিল্যান্সার (মুক্ত পেশা) বানাতে চায়। নির্বাচিত প্রশিক্ষণার্থীদের যোগ্যতা হবে এইচএসসি পাস। তাঁদের তিন মাসের প্রশিক্ষণ দেওয়া হবে। ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন ও সমসাময়িক বিষয়ে নির্বাচিত প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ দেওয়া হবে।

‘শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ শিরোনামের প্রকল্পটি অনুমোদনের প্রক্রিয়া করতে পরিকল্পনা কমিশনে পাঠিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

নিজেদের অবকাঠামো ও সক্ষমতা না থাকার কথা স্বীকার করেছেন যুব ও ক্রীড়াসচিব মেজবাহ উদ্দিন। তবে তিনি বলেছেন, ফ্রিল্যান্সার বানাতে যুব উন্নয়ন অধিদপ্তরের ‘ম্যান্ডেট’ আছে। ফ্রিল্যান্সিং বিষয়টি ক্রমে জনপ্রিয় হয়ে ওঠায় তাঁরা এ প্রকল্প হাতে নিয়েছেন।

প্রশ্ন তুলেছে পরিকল্পনা কমিশন

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রকল্পটি নিয়ে প্রশ্ন তুলেছে পরিকল্পনা কমিশন। গত ১৭ জুলাই অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সভায় তাদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেওয়ার সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলা হয়। পরিকল্পনা কমিশন বেশ কিছু পর্যবেক্ষণ তুলে ধরে প্রকল্পটি ফেরত পাঠায়।
আন্তমন্ত্রণালয় সভার কার্যবিবরণী থেকে জানা গেছে, তিন মাসের এ প্রশিক্ষণ কোর্সে কী হবে, তা যুব উন্নয়ন অধিদপ্তরের ঠিক করা আছে কি না, জানতে চাওয়া হয়। যদি থাকে, তাহলে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেওয়ার মতো প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও অবকাঠামো তাদের আছে কি না, সে প্রশ্নও ওঠে।

জবাবে যুব উন্নয়ন অধিদপ্তর বলেছে, ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের নিজস্ব কোনো শিক্ষাক্রম তাদের নেই। প্রশিক্ষণার্থী বাছাই করা, শিক্ষাক্রম ঠিক করা এবং প্রশিক্ষণ দেওয়ার মতো অবকাঠামোও তাদের নেই।

তখন সভায় সিদ্ধান্ত হয়, যুব উন্নয়ন অধিদপ্তর নিজেরা ফ্রিল্যান্সার বানাবে না। তারা তৃতীয় একটি পক্ষকে দিয়ে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ব্যবস্থা করবে। প্রশিক্ষণার্থী বাছাই থেকে শুরু করে তাঁদের জন্য কোর্স ঠিক করা ও প্রশিক্ষণ দেওয়া—সবকিছুই ঠিকাদারি প্রতিষ্ঠান বাস্তবায়ন করবে। আর পুরো প্রক্রিয়া তদারক করবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
আন্তমন্ত্রণালয় সভায় ১৬টি জেলা কীভাবে নির্বাচন করা হয়েছে, তা-ও জানতে চেয়েছে পরিকল্পনা কমিশন। জবাবে অধিদপ্তর জানিয়েছে, তারা দেশের সব জেলায় ফ্রিল্যান্সিং নিয়ে কর্মশালার আয়োজন করেছে। যেসব জেলা থেকে বেশি সাড়া মিলেছে, সেসব জেলাকে নির্বাচন করা হয়েছে। নির্বাচিত ১৬ জেলার মধ্যে উল্লেখযোগ্য হলো গাজীপুর, চাঁদপুর, সিলেট, সুনামগঞ্জ, ভোলা ও পটুয়াখালী।

তবে প্রশিক্ষণার্থী বাছাইয়ের ক্ষেত্রে প্রার্থীর যোগ্যতা এইচএসসি না করে মাধ্যমিক (এসএসসি) থেকে তদূর্ধ্ব করার সিদ্ধান্ত হয়েছে সভায়। এ ছাড়া দরপত্র আহ্বানের মাধ্যমে ঠিকাদার নির্বাচনেরও সিদ্ধান্ত হয়।

পরিকল্পনা কমিশন আরও বলেছে, প্রযুক্তিবিষয়ক এ ধরনের প্রশিক্ষণার্থী বাছাইয়ের প্রক্রিয়া নিয়ে বিভিন্ন সময় হযবরল অবস্থা তৈরি হয়। কারা সাক্ষাৎকার নেবে, বাছাই করা হবে কীভাবে—এসব বিষয়ের পাশাপাশি এখানে স্থানীয়ভাবে প্রভাব বিস্তারেরও আশঙ্কা থাকছে। সে জন্য এ প্রকল্প বাস্তবায়নে কারিগরি শিক্ষা অধিদপ্তর ও জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষকেও অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছে কমিশন।

বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটির (বিএফডিএফ) চেয়ারম্যান তানজিবা রহমান প্রথম আলোকে বলেন, ফ্রিল্যান্সার বানানোর উদ্যোগ ইতিবাচক। এতে প্রশিক্ষণার্থীরা ফ্রিল্যান্সিং সম্পর্কে অন্তত একটা ধারণা পাবেন। ফ্রিল্যান্সিং নিয়ে সচেতনতা বাড়বে। তবে এসব প্রশিক্ষণকে কার্যকর করে তুলতে হবে। একই সঙ্গে নির্বাচনপ্রক্রিয়া যাতে স্বচ্ছ হয়, সেটি নিশ্চিত করতে হবে।

এ বিষয়ে যুব ও ক্রীড়াসচিব প্রথম আলোকে বলেন, পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে, সাক্ষাৎকার নিয়ে প্রশিক্ষণার্থী বাছাই করা হবে। যাকে–তাকে এখানে প্রশিক্ষণ দেওয়া হবে না। বাছাইয়ের প্রক্রিয়া স্বচ্ছ হবে। তিনি আরও বলেন, ‘আমরা আইসিটি বিভাগ থেকে তাদের মডিউলটি সংগ্রহ করেছি। তারা প্রশিক্ষণার্থীদের যে মডিউলে প্রশিক্ষণ দিয়ে থাকে, আমরা সেটিই অনুসরণ করব।’