
আগের রাতে ডিজেলের দাম কমেছে লিটারে ৫ টাকা। তাই বাসভাড়া তো কমা উচিত। এই যুক্তিই দিচ্ছিলেন কামরুল হাসান। তিনি রাজধানীর ফার্মগেট এলাকা থেকে উঠেছিলেন আবদুল্লাহপুর থেকে ফুলবাড়িয়া পর্যন্ত চলা ‘এয়ারপোর্ট বঙ্গবন্ধু এভিনিউ পরিবহন’–এর একটি বাসে। কামরুলের গন্তব্যের ভাড়া ২৫ টাকা। তিনি টাকাটা বের করে দিয়ে বাসচালকের সহকারীর সঙ্গে ভাড়া কমানোর যুক্তি দিচ্ছিলেন। মুচকি হেসে সহকারী বললেন, ‘অহনো নোটিশ পাই নাই। পাইলে তো কমবোই।’
এবার কামরুল হাসানসহ একাধিক যাত্রীর অনুযোগ, তেলের দাম বাড়লে কোনো অপেক্ষা না করেই ভাড়া বাড়ে। কিন্তু এখন কমেছে, এর জন্য নোটিশের অপেক্ষা কেন?
চালকের সহকারীর উদ্দেশে এক যাত্রী বলে বসলেন, ‘তোমাগো তো লাভই লাভ। আর লাভ সরকারের।’
এই বাসের চালক মো. রবিনের কথা হলো, ডিজেলের দাম বেড়েছিল লিটারে ৩৪ টাকা। কমেছে ৫ টাকা। এতে আর কতটুকু ভাড়া কমানো সম্ভব?
যাত্রী বনাম চালক ও সহকারীদের এমন বাদানুবাদ আজ মঙ্গলবার সকালে দেখা গেছে রাজধানীতে চলা একাধিক পরিবহনে। গতকাল সোমবার রাতে লিটারে ৫ টাকা করে ডিজেল, অকটেন, পেট্রল ও কেরোসিনের দাম কমানোর সিদ্ধান্ত হয়েছে। এর পর থেকে সরকার ও বিরোধী রাজনৈতিক দল, সামাজিক যোগাযোগের নানা মাধ্যম, পেশাজীবী, অর্থনীতিবিদ ও জ্বালানিবিশেষজ্ঞদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।
সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেকেই বলেছেন, জ্বালানি তেলের দাম এত বাড়িয়ে মাত্র ৫ টাকা কমানো হাস্যকর। রাজনীতিবিদদের কেউ কেউ বলেছেন, এটা মশকরা জনগণের সঙ্গে। এই কমানোয় বড় কোনো লাভ না হলেও এ উদ্যোগকে ‘শুভ’ হিসেবে দেখছেন অর্থনীতিবিদদের কেউ কেউ। সরকারের তরফে বলা হচ্ছে, সামনে আরও দাম কমানোর ইঙ্গিত এটি।
এই যে ৫ টাকা করে জ্বালানি তেলের দাম কমল, তাতে কি পরিবহনের ভাড়া কমবে? সাধারণ যাত্রী ও পণ্য পরিবহনে এর কোনো ইতিবাচক প্রভাব পড়বে, তা মনে হয় নাকনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান
গত রোববার ডিজেলে আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়। আর ৫ শতাংশ আগাম কর প্রত্যাহার করা হয়। এর পরদিনই এল জ্বালানির দাম কমানোর সিদ্ধান্ত। এর ঠিক ২৩ দিন আগে ৫ আগস্ট রাতে ডিজেল ও কেরোসিনের লিটারে ৩৪ এবং পেট্রল ও অকটেনে ৪৬ টাকা দাম বাড়ানো হয়েছিল। এরপর পরিবহনের ভাড়া বেড়েছিল সর্বোচ্চ ২২ শতাংশ। এর আগে গত নভেম্বরে প্রতি লিটারে ১৫ টাকা বাড়ানো হয় ডিজেল ও কেরোসিনের দাম। ওই সময়ও পরিবহনের ভাড়া বাড়ানো হয় প্রায় ২৭ শতাংশ।
এই যে শুল্ক কমিয়ে জ্বালানির দাম ৫ টাকা করে কমানো হলো, সেই শুল্ক কমানোর কাজটা তো আগেও করা যেত। তাতে মানুষের ভোগান্তি কিছুটা হলেও কমত, এমনটাই মনে করেন ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান। গতকাল রাতে তিনি প্রথম আলোকে বলেন, শুল্ক কমানোর যে সিদ্ধান্ত সরকার নিল, তা আগে থেকেই নিতে পারত। যখন গণপরিবহনের ভাড়া বেড়েছে, নিত্যপণ্যের দাম বেড়েছে, মানুষের ব্যয় বেড়েছে কয়েক গুণ, তখন এ সিদ্ধান্ত নেওয়া হলো। তাই জ্বালানি তেলের দাম লিটারে ৫ টাকা কমানোর সিদ্ধান্ত ভোক্তার তেমন কোনো কাজে না-ও আসতে পারে।
এ সিদ্ধান্তে তেমন কোনো লাভ হবে বলে মনে করেন না গোলাম রহমান। তিনি বলেন, ‘এই যে ৫ টাকা করে জ্বালানি তেলের দাম কমল, তাতে কি পরিবহনের ভাড়া কমবে? সাধারণ যাত্রী ও পণ্য পরিবহনে এর কোনো ইতিবাচক প্রভাব পড়বে, তা মনে হয় না।’
পরিবহনমালিকেরা কিন্তু বলছেন, তাঁরা সরকারের সিদ্ধান্তের পর ভাড়া কমাবেন।
গতকাল রাতেই কথা হয় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহর সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা শুরু থেকেই বলেছি, দাম যখন কমবে, তখন আমরা কমাব। এখন তেলের দাম কমেছে, সেই অনুযায়ী এখন আমরা দাম কমাব।’
একলাফে বেড়েছিল, তা খুব সংগত হয়েছে বলব না। এবার ধীরে ধীরে কমা শুরু হলো। এটি আরও কমবে বলে আমার বিশ্বাস। একটু হলেও কমেছে, এটা মন্দের ভালো।পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান
এখানে একটি প্রায় রীতিতে পরিণত হয়ে গেছে যে দাম বাড়ানোর ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গেই বাড়তি ভাড়া গুনতে শুরু করা হয় বাসে। কিন্তু দাম কমলে তার প্রতিফলন দ্রুত দেখা যায় না। এ প্রসঙ্গ তুলতেই এনায়েত উল্যাহ বলেন, ‘উত্তরবঙ্গের বাসগুলো এখনো বাড়তি ভাড়ার চেয়ে কম নিচ্ছে। ঢাকাতেও মূল্যবৃদ্ধির পর সিদ্ধান্ত নিয়ে তারপর দাম বাড়ানো হয়েছে। আমরা তো এককভাবে সিদ্ধান্ত নিতে পারি না। বিআরটিএর সঙ্গে আমরা বসব। এরপর তেলের দাম বিবেচনা করে দাম কমানো হবে।’
জ্বালানির ব্যাপক মূল্যবৃদ্ধি এবং মাত্র ৫ টাকা করে দাম কমানোয় আসলে দুদিকেই ক্ষতি হলো বলে মনে করেন ক্যাব চেয়ারম্যান গোলাম রহমান। তিনি বলেন, এর ফলে একদিকে সরকারের রাজস্ব কমবে, আবার মানুষের দুর্ভোগও কমবে না। আর এত দিন পর শুল্ক কমানোর সিদ্ধান্ত সরকারের সিদ্ধান্তহীনতার বহিঃপ্রকাশ বলে মনে করেন তিনি।
সরকারের মধ্যে কোনো সিদ্ধান্তহীনতা আছে বলে অবশ্য মনে করেন না পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তাঁর কথা, সরকার তো কোনো একক ব্যক্তি নয়। এখানে অনেক মত-পথ আছে। সবদিক বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে শুল্ক আগে কমলে তা ভালো হতো বলেই মনে করেন মন্ত্রী।
এম এ মান্নান বললেন, ‘একলাফে বেড়েছিল, তা খুব সংগত হয়েছে বলব না। এবার ধীরে ধীরে কমা শুরু হলো। এটি আরও কমবে বলে আমার বিশ্বাস। একটু হলেও কমেছে, এটা মন্দের ভালো।’
সরকার মানুষের কষ্ট বুঝতে পারছে—দাম কিছুটা কমিয়ে এই বার্তাই দিল সরকার, মনে করেন পরিকল্পনামন্ত্রী।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার জ্বালানিবিষয়ক বিশেষ সহকারী ম তামিম প্রথম আলোকে বলেন, দাম কমানোর বিষয়টি হয়তো রাজনৈতিক সিদ্ধান্ত। কিন্তু দাম ৫ টাকা কমানোর কোনো যৌক্তিকতা নেই, অন্তত ১০ টাকা কমানো যেত। এতে পরিবহনমালিকেরা ভাড়া কমাবেন না। বাড়তি টাকা ব্যবসায়ীদের পকেটে যাবে; সরকারের কোনো রাজনৈতিক সুবিধা হবে না।
বিরোধী রাজনৈতিক দলগুলো অবশ্য সরকারের এ উদ্যোগের কড়া সমালোচনা করেছে। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘এটা গরু মেরে জুতাদান।’
মান্না গতকাল দেওয়া বিবৃতিতে বলেন, জনগণের জন্য ভর্তুকি না বাড়িয়ে সরকারি প্রতিষ্ঠান দিয়ে ব্যবসা করাতে চায় সরকার। এটি জনগণের সঙ্গে তামাশা। এর কারণ সরকারের হাতে টাকা ও যথেষ্ট ডলার নেই।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স প্রথম আলোকে বলেন, মানুষের সঙ্গে একধরনের রসিকতা হলো কি না, তা ঠিক বোঝা যাচ্ছে না। যে হারে দাম বেড়েছিল, সে হারে কমেনি। এটা কখনো গ্রহণযোগ্য হতে পারে না। যতটুকু কমেছে, তার আদৌ কোনো প্রতিফলন হয় কি না, তা দেখতে চাই।
রাজনৈতিক এই যুক্তি ও পাল্টাযুক্তির বাইরে মাঠে, অর্থাৎ কৃষিতে আদৌ কি কোনো ইতিবাচক প্রভাব পড়বে জ্বালানির দাম কমানোয়? সেচের কাজে ডিজেল লাগে। এখন আমনের মৌসুম। এটি দেশের দ্বিতীয় বৃহত্তম ফসল। কিন্তু বছরটা বৃষ্টির বড্ড আকাল। শ্রাবণে বৃষ্টি হয়েছে রেকর্ড পরিমাণ কম। ভাদ্রেও তেমন করে বৃষ্টি হয়নি।
এতকাল দেখা গেছে, ডিসেম্বরের বোরোর সময় বেশি সেচ লাগে। রাজশাহীর বরেন্দ্র এলাকা বাদ দিলে দেশের প্রায় সর্বত্র আমনে সেচ লাগত খুব কম। কিন্তু এবার পরিস্থিতি একেবারে অন্য রকম। এবার আমনে প্রায় শতভাগ সেচ লাগবে বলে মনে করেন ইমেরিটাস অধ্যাপক ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এম এ সাত্তার মণ্ডল। আজ মঙ্গলবার সকালে তাঁর সঙ্গে কথা হলো। তিনি এখন আছেন ফরিদপুরে, তাঁর গ্রামের বাড়িতে। সেখানে কৃষির হালচাল দেখছেন।
অধ্যাপক এম এ সাত্তার মণ্ডল বলছিলেন, ডিজেলে ৫ টাকা কমিয়ে কৃষকের তেমন কোনো সাশ্রয় হবে না। তেলের দাম ৩৪ টাকা বাড়িয়ে প্রায় ১০ হাজার টাকা বেশি সেচের ব্যয় হবে। সেখানে ৫ টাকা কমিয়ে কত লাভ হবে। তেমন কোনো ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে হয় না।
কৃষির সত্যিকারের ভালো চাইলে শুধু কৃষির জন্য ব্যবহার হওয়া ডিজেলের দাম আরও কমানোর পরামর্শ দেন অধ্যাপক সাত্তার মণ্ডল।
৫ টাকা দাম কমানোয় পণ্যের পরিবহন খরচ আদৌ কমবে কি না, তা নিয়ে সন্দিহান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক সেলিম রায়হান। দাম কমানোয় নিত্যপণ্যের দাম বা মানুষের দুভোগের লাঘব খুব বেশি হবে না বলে মনে করেন না তিনি। তবে ৫ টাকা হলেও দাম কমানোর এ উদ্যোগকে একটি ভালো ইঙ্গিত বলে মনে করেন তিনি। সেলিম রায়হান বলেন, এবার যে হারে কমাল, তার চেয়ে বেশি হারে কমাতে পারত। এর জন্য প্রয়োজনীয় সাহসের অভাবেই তা হয়নি বলে মনে করেন তিনি। তবে তাঁর কথা, ‘একটা ভালো বিবেচনাবোধের লক্ষণ বলে মনে করি। আমি মনে করি বা আশাবাদী হতে চাই, আগামী দু–তিন সপ্তাহের মধ্যে তেলের দাম আরও কমাবে সরকার।’